কুপওয়াড়া হামলা: পাকিস্তানি পতাকা পুড়িয়ে পঞ্জাবে প্রতিবাদ শিবসেনার

ফাগোয়ারা (পঞ্জাব): কুপওয়াড়ায় সেনা ছাউনিতে হামলার প্রতিবাদে শুক্রবার পঞ্জাবে পাকিস্তানি পতাকা পোড়াল শিবসেনা।
এদিন, শিবসেনার পঞ্জাব রাজ্য সহ-সভাপতি ইন্দরজিৎ করোবলের নেতৃত্বে শিবসৈনিকরা মনুমানগারহি মন্দির থেকে ১ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত প্রতিবাদ-মিছিল করেন।
মিছিলে অংশগ্রহণকারীদের মুখে পাক-বিরোধী স্লোগান ছিল। পাশাপাশি, কাশ্মীরে হামলা নিয়ে কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকেও আক্রমণ করা হয়। বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের কুশপুত্তলিকা দাহও করে প্রতিবাদীরা।
ইন্দরজিতের দাবি, পাক-মদতপুষ্ট জঙ্গিরা ক্রমাগত আমাদের সেনা ও আধা-সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়ে ভারতে অস্থিরতা এবং ভীতির পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। আর মোদী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুই করছে না।
জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন ও পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার দাবিও তোলেন ইন্দরজিৎ। যদিও, প্রতিবাদ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই দিল্লি-লাহৌর বাস ফাগোয়ারা হয়ে বেরোয়। জেলা পুলিশ সুপার জানান, প্রতিবাদের ফলে বাসযাত্রা বিঘ্নিত হয়নি।






















