পুলওয়ামায় বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৩ জয়েশ জঙ্গি, নিহত ২ নিরাপত্তাকর্মীও

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জয়েশ-ই-মহম্মদ জঙ্গি। মারা গিয়েছেন ২ জওয়ানও।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে, পুলওয়ামা জেলার ত্রাল অঞ্চল লাগোয়া লাম জঙ্গলে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে।
সঙ্গে সঙ্গে জঙ্গিদমন অভিযানে নামে বাহিনী। জঙ্গলে ঢুকতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলি বিনিময় হয়।
এই গুলি বিনিময়ে গুরুতর জখম হন এক জওয়ান ও এক পুলিশকর্মী। দুজনকেই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁরা মারা যান। নিহতরা হলেন—সিপাই অজয় কুমার এবং কনস্টেবল লতিফ গুজরি।
বাহিনীর গুলিতে খতম হয়েছে তিন জঙ্গিও। পুলিশ জানিয়েছে, নিহতদের কাছ থেকে অস্ত্রশস্ত্র ও যুদ্ধের সামগ্রী উদ্ধার হয়েছে। জঙ্গিদের পরিচয় যাচাই করার চেষ্টা করা হচ্ছে।
এর আগে, সোমবার রাজৌরি ও পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় দুপক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। ভারতীয় জওয়ানদের গুলিতে মারা যায় পাঁচ পাক রেঞ্জার্স। তিন পাক বাঙ্কারও ধ্বংস করে বাহিনী। এদিন পাক বাঙ্কার লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ করে ভারতীয় ফৌজ। এর পাশাপাশি, ২০ পাক নাগরিকের মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর।সকলেই পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। প্রসঙ্গত, শনিবার থেকে সোমবার-- টানা তিনদিন পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। এর জবাবে সোমবার গোলাবর্ষণ করে ভারত।























