El Nino : ভয়ঙ্কর ! অতীতের সব রেকর্ড ভাঙবে এই এল নিনো? সাগরে ভয়াবহ অবস্থা, কী ক্ষতির আশঙ্কা সামনে?
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, একে ‘মেগা এল নিনো’ বলা চলে। প্রশ্ন উঠছে, এই এল নিনোর প্রভাব কি এবার আরও বড় আকারে পড়তে চলেছে বিশ্বের আবহাওয়ায়?

কলকাতা : ক্রমশ অস্বাভাবিক উষ্ণ হয়ে উঠছে প্রশান্ত মহাসাগরের জল। এল -নিনোর সম্ভাব্য ফল এমনটাই হতে পারে, এমন জল্পনা ছিলই। গালাপাগোস দ্বীপপুঞ্জের কাছাকাছি এবং পেরুর উপকূলবর্তী এলাকায় সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে বলে নানা সূত্রে। এমন তাপমাত্রা বৃ্দ্ধি নিঃসন্দেহে অস্বাভাবিক। এই তথ্য সামনে আসতেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আবহবিদদের মধ্যে। এর পিছনে রয়েছে শক্তিশালী এল নিনো।
বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, একে ‘মেগা এল নিনো’ বলা চলে। প্রশ্ন উঠছে, এই এল নিনোর প্রভাব কি এবার আরও বড় আকারে পড়তে চলেছে বিশ্বের আবহাওয়ায়? ভারতই বা কতটা প্রভাবিত হতে পারে? গত ২৩ নভেম্বর এই অস্বাভাবিক উষ্ণতা বৃ্দ্ধি নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়। তবে অনেকে মনে করছেন গোটা প্রশান্ত মহাসাগর জুড়েই বোধ হয় এমন তাপমাত্রা বেড়েছে। তা কিন্তু নয়। ইন্ডিয়া টুডে-র একটি রিপোর্টে বলা হয়েছে, বিশেষজ্ঞ রায়ান মাউয়ের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশিত মানচিত্রে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল সংলগ্ন প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট অংশে তাপমাত্রার বড়সড় বিচ্যুতি দেখা গিয়েছে। তবে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রার এই পরিসংখ্যান গোটা প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি নির্দিষ্ট একটি এলাকার সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিক বিচ্যুতি। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস (ECMWF)-এর তথ্যের ভিত্তিতে তৈরি একটি মানচিত্রে এই উষ্ণ অঞ্চল চিহ্নিত হয়েছে।
+10°C sea surface temperature anomaly near Galapagos 🐢and off coast of Peru. This is now a Mega El Niño. https://t.co/xfavOfY16L
— Ryan Maue (@RyanWeather) November 22, 2026
কেন এতটা উষ্ণ হচ্ছে প্রশান্ত মহাসাগর? উত্তরটা এককথায়, এল নিনো। এটি প্রশান্ত মহাসাগরের একটি প্রাকৃতিক জলবায়ুগত পরিস্থিতি। সাধারণত নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে প্রবাহিত বাণিজ্যিক বায়ু বা ট্রেড উইন্ড সমুদ্রের উষ্ণ জলকে পশ্চিম দিকে ঠেলে নিয়ে যায়। কিন্তু এই বাতাস দুর্বল হয়ে পড়লে উষ্ণ জল পূর্ব দিকে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার উপকূলের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। ফলে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এর প্রভাব শুধু সমুদ্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বদলে যেতে পারে বিশ্বের বিভিন্ন প্রান্তের বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত এবং তাপমাত্রার ধরনও।
মার্কিন সংস্থা ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)-এর ১২ নভেম্বরের পর্যবেক্ষণেও এল নিনোর শক্তিবৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত রয়েছে। NOAA-র পূর্বাভাস অনুযায়ী, ১৯৫০ সালের পর থেকে রেকর্ড হওয়া শক্তিশালী এল নিনো-র প্রভাবের সব রেকর্ড ভেঙে দিতে পারে এবারের এল-নিনো।
ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ এই পরিস্থিতি?
এখন প্রশ্ন ভারতের আবহাওয়ার উপর এই এল নিনো কতটা প্রভাব ফেলতে পারে ? অতীতে একাধিক শক্তিশালী এল নিনোর প্রভাবে ভারতে হয়, খরা হয়েছে, নয়ত বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। তবে প্রতিটি এল নিনো পর্বেই যে ভারতে খরা হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। অতিবৃষ্টি বা অসময়ে ঝড় বৃষ্টিও হতে পারে। এবারের পরিস্থিতি নিয়ে ভারতের আবহাওয়া সংক্রান্ত সরকারি পর্যবেক্ষণেও উদ্বেগের ইঙ্গিত রয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS)-এর ১৫ নভেম্বরের বিশেষ এল নিনো বুলেটিন অনুযায়ী, অক্টোবর মাসে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা আরও বেড়েছে। তাদের পর্যবেক্ষণে Nino 3.4 সূচক প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত এল নিনো পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা প্রবল।
শুধু তাই নয়, ভারতের আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাসেও নভেম্বর-ডিসেম্বর মাসে প্রশান্ত মহাসাগরে অতি শক্তিশালী এল নিনো পরিস্থিতি বজায় উল্লেখ রয়েছে। নভেম্বর মাসে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের একাধিক অঞ্চলে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর বৃষ্টিপাতের ঘাটতির আশঙ্কাও রয়েছে। তবে এল নিনোর শক্তিবৃদ্ধি নিয়ে উদ্বেগ থাকলেও বাংলার শীত কতটা প্রভাবিত হবে, তা জানতে IMD-র নিয়মিত পূর্বাভাসের দিকেই নজর রাখতে হবে।






















