IND vs PAK: ফাইনালেও কি জ্বলে উঠবে ব্যাট? বিরাটের রেকর্ডও এবার ভাগ বসাতে চলেছেন অভিষেক?
Abhishek Sharma Record: সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে রয়েছেন। আজ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধেও বড় ইনিংস খেলুক অভিষেক, এমনই চাইছেন ক্রিকেটপ্রেমীরা।

দুবাই: চলতি এশিয়া কাপে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিষেক শর্মা। ভারতের তরুণ ওপেনার প্রতি ম্য়াচেই পাওয়ার প্লে-তে যে ঝড় তুলছেন, তাতেই দিশেহারা হয়ে যাচ্ছে প্রতিপক্ষ দলগুলো। সুপার ফোরে তো তিনটি ম্য়াচেই অর্ধশতরান হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৩০৯ রান করে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে রয়েছেন। আজ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধেও বড় ইনিংস খেলুক অভিষেক, এমনই চাইছেন ক্রিকেটপ্রেমীরা। একই সঙ্গে বিরাট কোহলিকে টেক্কা দেওয়ার সুযোগও থাকছে তরুণ বাঁহাতির সামনে।
চলতি টুর্নামেন্টে ৫১.৫০ গড়ে ২০৪ এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন অভিষেক। ঝুলিতে এখনও পর্যন্ত রয়েছে তিনটি অর্ধশতরান। বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরে ৭৫ রানের ইনিংসটিই ব্যক্তিগত সর্বোচ্চ এই টুর্নামেন্টে অভিষেকের। আর মাত্র ১১ রান করতে পারলেই কোহলিকে টেক্কা দেবেন পঞ্জাব তনয়। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কোনও মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের ঝুলিতে।
এছাড়া আর ২৩ রান করতে পারলেই ফিল সল্টকেও টেক্কা দেবেন অভিষেক। কোনও টেস্ট প্লেয়িং দেশের প্লেয়ার হিসেবে টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রানের নজির এখনও পর্যন্ত রয়েছে ইংল্যান্ডের উইকেট কিপার ব্য়াটারের দখলে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩৩১ রান করেছিলেন। সেই রেকর্ডই নিজের দখলে আনার সুযোগ থাকছে অভিষেকের সামনে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরে নিজেদের শেষ ম্য়াচে খেলার সময় টান ধরেছিল অভিষেকের। তবে মর্নি মর্কেল জানিয়েছিলেন যে অভিষেক ম্য়াচ ফিটই রয়েছেন। ভারতীয় দলের বোলিং কোচ জানিয়েছিলেন, ''হার্দিক ও অভিষেক দুজনেরই ক্র্যাম্পে ভুগছিল। হার্দিকের বিষয়টা আমরা আজকের রাত ও কালকে দেখব। তারপরই আমরা ওর বিষয়ে সিদ্ধান্ত নেব। দুইজনেরই টান লেগেছে। তবে ওদের মধ্যে অভিষেক এখন ঠিক রয়েছে।'
অভিষেক যেভাবে কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে নিজের জাত চিনিয়েছেন প্রতিনিয়ত। তাঁকে এবার ওয়ান ডে সিরিজের জন্যও ভাবা হচ্ছে। আসন্ন অস্ট্রেলিয়ার সিরিজের ওয়ান ডে স্কোয়াডে অভিষেক ঢুকে পড়তে পারেন। রোহিত শর্মা এখনও ওপেনিং স্লটে রয়েছেন। ওয়ান ডে ফর্ম্য়াট থেকে সরে দাঁড়াননি তিনি। কিন্তু অভিষেককেই পরবর্তী ওয়ান ডে ওপেনার হিসেেব দেখতে চাইছে ম্য়ানেজমেন্ট। তাই তাঁকে তৈরি করে নিত চাইছেন সবাই। উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্য়াটার অভিষেক শর্মাই।



















