Bangladesh Cricket: 'কখনও এমন অভিজ্ঞতা হয়নি', বিসিবি কর্তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় হুমকি দেওয়া হচ্ছে কোয়াব প্রধান মিথুনকে!
Mohammad Mithun: বাংলাদেশ ক্রিকেটারদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে রয়েছেন মহম্মদ মিথুন।

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটে চূড়ান্ত টালমাটাল পরিস্থিতি। একেই বিশ্বকাপে তাঁদের ম্যাচের ভেন্যু নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত, অপরদিকে বোর্ড কর্তার বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ দেশের ক্রিকেটাররা। এবার সেই সঙ্গে যুক্ত হল নতুন বিতর্ক। বাংলাদেশের (Bangladesh Cricket) ক্রিকেটার মহম্মদ মিথুনের (Mohammad Mithun) দাবি অনুযায়ী তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
বাংলাদেশ বোর্ডের কর্তা নাজমুল ইসলাম দেশের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কটূক্তি করেছিলেন। তারপরেই ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেটাররা নাজমুলকে বরখাস্ত করার দাবিতে বয়কটের ডাক দেন। জানানো হয় জনসমক্ষে খেলোয়াড়ের প্রতি কটূক্তি করার জন্য ক্ষমা চাইতেও হবে বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যানকে। বয়কটের জেরে গতকাল, বৃহস্পতিবার, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচও খেলতে নামেনি খেলোয়াড়রা। বাতিল হয় টুর্নামেন্ট। তবে সেই রাতেই বাংলাদেশ ক্রিকেটারদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সঙ্গে আলোচনার পর জট কাটে। আজ থেকে আবারও শুরু হয় বিপিএল।
এই কোয়াবেরই প্রধান হলেন মহম্মদ মিথুন। বোর্ড কর্তার করুচিকর মন্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করার জন্য তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেই Cricbuzz-কে এক সাক্ষাৎকারে জানান মিথুন। তাঁকে বলতে শোনা যায়, 'এর আগে আমার জীবনে কখনও এমন অভিজ্ঞতা হয়নি। কোনও বিতর্কে কোনওদিন জড়িয়েছি বলেও মনে হয় না। গোটা বিষয়টা আমার মাথার উপর উঠে যাচ্ছে। আমি দেশের বিরুদ্ধে কথন কিছু বললাম? এখানে আমার ব্যক্তিগত কোনও লাভ নেই। আমি তো একটা সংস্থার সভাপতি। আর আমিই যদি এই বিষয়ে কথা না বলি, তাহলে এই পদের মানেটা কী? দেশের ঊর্ধ্বে কেউ নন।'
মিথুন বলেন তিনি এই বিষয়ে সরকারিভাবে তিনি বোর্ডকে কিছু জানাননি, তবে তিনি এবং তাঁর পাশাপাশি একাধিক ক্রিকেটারকে হুমকি দেওয়া হয়েছে। 'আমি বোর্ডকে এখনও কিছু জানাইনি। অপরিচিত ফোন নম্বর থেকে আমি ফোন ধরছি না। তবে ওয়াটসঅ্যাপে মেসেজ বা ভয়েস নোট তো আর আমি থামাতে পারি না। কোয়াবের তরফে আমার নম্বর সাংবাদিকদের কাছে যায় এবং সেই কারণে আমার নম্বরটা সকলের কাছেই উপলব্ধ। সেই কারণে আমি বেশি ফোন পাই। তবে অন্যান্য ক্রিকেটারদের থেকেও শুনেছি ওরাও না না রকমভাবে, না না ধরনের হুমকি পেয়েছে। বোর্ডের সঙ্গে এই নিয়ে এখনও কথা বলিনি।'
পাশাপাশি ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার বিষয়ে মিথুনের দাবি বাংলাদেশ ক্রিকেটাররা নিঃসন্দেহেই মেগা টুর্নামেন্টে খেলতে চান। তবে তাঁরা সুরক্ষিত পরিস্থিতিতে, বিনা ঝুঁকিতে নিজেদের খেলাটা খেলতে আগ্রহী। সরকার ও বোর্ড যে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, সেই নিয়েও আশাবাদী কোয়াবের সভাপতি।



















