IND vs NZ: শীঘ্রই রওনা দেবেন নিউজ়িল্যান্ডে, কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবেন পন্থ?
Rishabh Pant: ভারতের তারকা কিপার-ব্যাটার অক্টোবরে ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে খেলার সময় চোট পান।

নয়াদিল্লি: আর ঠিক দিন দশেক পরেই শুরু হবে ভারত বনাম নিউজ়িল্য়ান্ডের (IND vs NZ) দুই ম্যাচের টেস্ট সিরিজ়। তবে সেই সিরিজ় শুরুর আগে এখনও ঋষভ পন্থের (Rishabh Pant) ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন অব্যাহত। তবে শোনা যাচ্ছে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে পন্থ ফিট হয়ে যাবেন।
ভারতের তারকা ক্রিকেটার অক্টোবরে ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে খেলার সময় চোট পান। সেই চোটের জেরেই পন্থ দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে তো খেলতে পারেনইনি, তার পাশাপাশি প্রাথমিকভাবে দলে থাকলেও, 'এ' দলের হয়ে তিনটি বেসরকারি টেস্টের একটিতেও খেলতে পারেননি তিনি। তারপরেই প্রশ্ন উঠছিল তিনি কি আদৌ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের জন্য ফিট হতে পারবেন? TOI-র রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব সারা পন্থ পেশির চোট সারিয়ে উঠেছেন। তিনি পরের সপ্তাহেই নিউজ়িল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারেন।
এদিকে পন্থ খেলতে না পারলেও, নিউজ়িল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে কিন্তু তৃতীয় বেসরকারি টেস্টে মাঠের বাইরে থাকা দুই তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণ মাঠে নেমেছেন। এই ম্যাচে খেলছেন রবীন্দ্র জাডেজাও। তবে নীতীশ কুমার রেড্ডি এই ম্যাচে খেলবেন বলে প্রাথমিকভাবে আশা করা হলেও তিনি কিন্তু একাদশে নেই।
আরও পড়ুন:- 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'এ' দলের ম্যাচের কথা বলতে গেল তৃতীয় বেসরকারি টেস্টে ফের নজর কাড়লেন জুরেল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মারা। নাগাড়ে নিজের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন যশস্বী। তিনি ১০২ রানের ইনিংস খেলেন। তাঁর ওপেনিং পার্টনার সাই সুদর্শন অল্পের জন্য শতরান মিস করেন। তাঁর সংগ্রহ ৮৮ রান। এরপরে ম্যাচের দ্বিতীয় দিনে তিলক, জুরেল এবং ওয়াশিংটন সুন্দর অর্ধশতরান হাঁকান। ৮৮ রানে সুদর্শন এবং ৫৪ রানে ধ্রুব জুরেল আউট হওয়ার পর জোট বাঁধেন পন্থের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পাওয়া তিলক বর্মা এবং ভারতীয় টেস্ট দলের অন্যতম তারকা রবীন্দ্র জাডেজা। চার উইকেটে ৩৩১ রানে লাঞ্চ যায় ভারত 'এ'।
তিলক ও জাডেজা মিলে দ্বিতীয় সেশনে ভারতের স্কোর ৩৫০-র গণ্ডি পার করান। তবে ঠিক তারপরেই জাডেজা সাজঘরে ফেরেন। এরপরে ষষ্ঠ উইকেটে তিলক এবং ওয়াশিংটন সুন্দর, দুই বাঁ-হাতি ব্যাটার মিলে পাল্টা লড়াই শুরু করেন। দুইজনে জমাটি পার্টনারশিপ গড়েন। তিলক দেখতে দেখতেই অর্ধশতরান পূরণ করে ফেলেন। সত্যি বলতে কিউয়ি 'এ' দলের ডানরু ফার্নস এবং জ্যারোড ম্যাকয় চোটের কবলে পড়ায় বোলিং করতে পারেননি এবং তাতে তিলকদের খানিক সুবিধাই হয়।
চা পানের বিরতির পর ভারত ৪০০ রানের গণ্ডি পার করে। তিলক ফক্সক্রফটকে ছক্কাও হাঁকান। তিলক ও সুন্দর শতরানের পার্টনারশিপ গড়েন। ভারত ৪৫০ রানের গণ্ডি পার করে এবং সুন্দরও অর্ধশতরান হাঁকান। এরপরেই ভারত ইনিংস ঘোষণা করে। দুরন্ত ব্যাটিং করা তিলক ৮১ রানেই অপরাজিত থেকে যান। পাঁচ উইকেটে ৪৬৪ রানে ইনিংস ঘোষণা করে ভারত।




















