Jos Buttler: টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় ভেঙে পড়েছেন, ক্রিকেট ছাড়ছেন বিশ্বজয়ী ইংরেজ?
Jos Buttler Retirement Plan: দেশের জার্সিতে হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ওপেনিংয়ে নেমে বিধ্বংসী ব্যাটিং প্রতিপক্ষ শিবিরের মনোবল ভেঙে দেওয়ার জন্যই বিখ্যাত বাটলার।

লন্ডন: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। ভারতের বিরুদ্ধে শেষ চারের মহারণে হেরে যদিও ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁদের। কিন্তু গোটা টুর্নামেন্টেই নিষ্প্রভ ছিলেন কুড়ির ফর্ম্য়াটে ইংল্যান্ড শিবিরের সবচেয়ে বড় তারকা জস বাটলার (Jos Buttler)। দেশের জার্সিতে হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ওপেনিংয়ে নেমে বিধ্বংসী ব্যাটিং প্রতিপক্ষ শিবিরের মনোবল ভেঙে দেওয়ার জন্যই বিখ্যাত বাটলার। কিন্তু গত বিশ্বকাপজুড়ে নিজের ছায়া হয়েই থেকে যেতে হয়েছে। নিজের পারফরম্য়ান্স স্বভাবতই বেজায় হতাশ বাটলার নিজেই। নিজের ক্রিকেট কেরিয়ার ও ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ডানহাতি উইকেট কিপার ব্যাটার।
আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে খেলেন বাটলার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাটলারের ব্যাট থেকে এসেছিল আট ইনিংসে মাত্র ৮৭ রান। দল সেমিতে উঠলেও নিজের কোনও অবদানই রাখতে পারেননি। ইংরেজ তারকা বলছেন, ''আমার টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব একটা ভাল যায়নি। একেবারেই নিজের ছন্দে ছিলাম না। যা নিয়ে আমি হতাশ। আমি যদিও শেষ কয়েক বছরে নিজের অন্য়তম সেরা ক্রিকেটটাই খেলেছি। আমি আবার নিজের সেরা ছন্দে ফিরতেই পারি।''
বাটলারের অফফর্ম দেখে অনেকেই মনে করেছিলেন এবার হয়ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। কিন্তু বাটলার সেই সম্ভাবনায় আপাতত জল ঢেলে দিলেন। এক পডকাস্টে এসে তিনি বলছেন, ''আমার মনে হয় আমি আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারব। আমি দেশের হয়ে ক্রিকেটটা আরও খেলতে চাই। সেই ইচ্ছেও রাখি। তবে আমি তো নির্বাচক নই। তাই নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারব না। ক্যাপ্টেন্সির কোনও ইচ্ছে নেই।'' উল্লেখ্য, ২০২২ সালে এই বাটলারের নেতৃত্বেই ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।
ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগের দিন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান আশ্বাস দিয়েছিলেন যে সেই ম্য়াচে বাটলার রানের মধ্যে ফিরবেন। তিনি বলেছিলেন,''জসকে আমি খুব কাছ থেকে চিনি। ও অবশ্য়ই আরও বেশি করে রান করতে চায়। তবে বাটলার এত বছর ধরে ইংল্যান্ডের জার্সিতে প্রচুর রান করেছে। বৃহস্পতিবারও ওর রাত হতে পারে। ওয়াংখেড়েতে এর আগেও অনেক ভাল ভাল ইনিংস খেলেছে জস। যদি বৃহস্পতিবার ওর ব্যাটে রান নাও আসে, তাহলেও ও বিশ্বের অন্য়তম সেরা ব্যাটারই থাকবে।'' যদিও তেমন কিছুই হয়নি। শেষ চারের মহারণেও ব্যাট চলেনি বাটলারের। তবে এমনটা অফফর্ম যদি বেশিদিন ধরে চলে, তাহলে আদৌ নির্বাচকরা বাটলারকে কতদিন সুযোগ দেন জাতীয় দলে সেটাই দেখার।



















