FIFA World Cup 2026: ভেঙে গেল সমস্ত রেকর্ড, আধা বিশ্বকাপেই দর্শকসংখ্যার নিরিখে অতীতের সব বিশ্বকাপকে ছাপিয়ে গেল ২০২৬
FIFA World Cup: ৩২ বছর আগে যুক্তরাষ্ট্রে আয়োজিত হওয়া বিশ্বকাপেরই রেকর্ড ভাঙল এবারের বিশ্বকাপ।

নিউ ইয়র্ক: চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) না না সময়ে না না বিতর্ক দানা বেঁধেছে। তবে তা সত্ত্বেও একের পর এক রেকর্ড ভাঙছে এবারের বিশ্বকাপ। এখনও পর্যন্ত গ্রুপ পর্বেরও সব খেলাও শেষ হয়নি। তবে তার আগেই দর্শকসংখ্যার নিরিখে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ।
জার্মানি ও ইকুয়েডর নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেই দর্শকসংখ্যা সর্বকালীন রেকর্ড গড়ে ফেলল। ৩.৬ মিলিয়ন দর্শক ইতিমধ্যেই এবারের বিশ্বকাপ দেখতে মাঠে উপস্থিত হয়েছেন। নিউ জার্সিতে জার্মানি বনাম ইকুয়েডর ম্যাচেই দর্শকসংখ্যা আগের পর্বগুলিকে ছাপিয়ে যায়।
ঠিক ৩২ বছর আগে যুক্তরাষ্ট্রে শেষ বিশ্বকাপের আসর বসেছিল। ১৯৯৪ সালের সেই বিশ্বকাপে ৩৫ লক্ষ ৮৭ হাজার ৫৩৮ জন দর্শক মাঠে বসে খেলা দেখেছিলেন। এতদিন এটাই ছিল কোনও বিশ্বকাপে সর্বাধিক দর্শকসংখ্যা। সেই যুক্তরাষ্ট্রেই তিন দশক পরে আয়োজিত আরেক বিশ্বকাপে দর্শকসংখ্যার সর্বকালীন নতুন রেকর্ড তৈরি হল। ইকুয়েডর বনাম জার্মানি ম্য়াচে স্কোরবোর্ডে দেখানো হয় দর্শকসংখ্যা ইতিমধ্যেই ৩৬ লক্ষ পাঁচ হাজার ৩৫৭ জন মাঠে বসে খেলা দেখে ফেলেছেন।
আরও পড়ুন:- নির্ধারিত হয়ে গেল ব্রাজিলের রাউন্ড অফ ৩২-র প্রতিপক্ষ, নক আউটে পৌঁছে গেল নেদারল্যান্ডস, জাপান
১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রেরই নয় মাঠে ৫২টি ম্য়াচ খেলা হয়েছিল। তবে এবার সর্বকালের সবথেকে বড় বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ৪৮টি দল অংশগ্রহণ করছে। ৯৪ সালে যেখানে গোটা টুর্নামেন্টে ৫২টি ম্যাচ খেলা হয়েছিল, সেখানে ইতিমধ্যেই গ্রুপ পর্বের ৫৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তবে এটি টুর্নামেন্টের কেবল মাঝপথ। এবারের বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচ খেলা হবে। তাই নিঃসন্দেহেই দর্শকসংখ্যার এই নম্বরটা বিশ্বকাপ শেষ হতে হতে কার্যত দ্বিগুণ হবে বলে আশা করাই যায়।
প্রসঙ্গত উল্লেখ্য এবারের ফিফা ফুটবল বিশ্বকাপে কিন্তু ইতিমধ্যেই সর্বকালের সবথেকে বেশি গোল দেখা গিয়েছে। ইতিমধ্যেই ১৭৫টি গোল হয়ে গিয়েছে। গত বিশ্বকাপের ৬৪ ম্য়াচে ১৭২টি গোল আজ অবধি বিশ্বকাপের মঞ্চে কোনও পর্বের সর্বাধিক গোলসংখ্যা ছিল। তবে সেই সংখ্যাও এবার আট ম্য়াচ কম খেলে হেসেখেলেই পার হয়ে গেল। এই সংখ্যাও আগামীদিনে আরও অনেকটাই যে বাড়বে, তা কিন্তু বলাই বাহুল্য। এবার দেখার সেই সংখ্যাটা কতদূর গিয়ে থামে।






















