Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
Lausanne Diamond League 2026: টুর্নামেন্টে সোনা জিতলেন শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে। তিনি ৮৮.১৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন। গ্লাসগোতেও সোনা জিতেছিলেন দ্বীপরাষ্ট্রের এই প্রতিযোগী।

লুসান: ডায়মন্ড লিগে রুপো জিতলেন নীরজ চোপড়া। গ্লাসগো কমনওয়েলথ গেমসেও রুপো জিতেছিলেন। তবে লুসান ডায়মন্ড লিগে নিজের এই মরশুমের সেরা থ্রো-টি করলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। ৮৮.০৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন নীরজ। এই থ্রো তাঁকে সোনা না এনে দিলেও আসন্ন এশিয়ান গেমসের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। টুর্নামেন্টে সোনা জিতলেন শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে। তিনি ৮৮.১৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন। গ্লাসগোতেও সোনা জিতেছিলেন দ্বীপরাষ্ট্রের এই প্রতিযোগী।
নীরজ নিজের দ্বিতীয়বারের চেষ্টায় ৮৮.০৫ মিটার দূরত্ব অতিক্রম করেন। অন্য়দিকে শ্রীলঙ্কার পাথিরাগে তাঁর তৃতীয় চেষ্টায় ৮৮.১৪ মিটার দূরত্ব অতিক্রম করেন। গ্রেনাডার অ্য়ান্ডারসন পিটার্স তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্জ জিতেছেন। তিনি ৮৬.৬৯ মিটার দূরত্বে ছুড়তে পেরেছেন নিজের সেরা থ্রোয়ে। এদিন শুরুতে অবশ্য নীরজের থ্রো একেবারেই ভাল ছিল না। ৮৩.৫৪ মিটার দূরত্বেই ছুড়তে পেরেছিলেন প্রথমবার। নীরজ তাঁর চতুর্থ থ্রোয়ে ফাউল করেন, পঞ্চটিতে আর থ্রো করেননি।
চলতি মরশুমে এই নিয়ে নীরজের থেকে তিনবার এগিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বী। নীরজ বলেন, 'এটা আমার মরশুমের সেরা থ্রো। ৮৮ মিটার দূরত্ব অতিক্রম করতে পেরে আমি খুশি। তবে বুঝতে পারিনি যে ৯ সেন্টিমিটারের ব্যবধান ছিল।'
View this post on Instagram
গত এশিয়ান গেমসে সোনা জয়ী নীরজের লক্ষ্য এখন আসন্ন এশিয়ান গেমসে ভাল পারফর্ম করা। সাম্প্রতিক সময়ে চোট আঘাত বারবার ভুগিয়েছে নীরজকে। তাই সেখান থেকে নিজেকে বের করে নিয়ে নতুন করে শুরু করেছেন টোকিও অলিম্পিক্সে সােনাজয়ী এই অ্য়াথলিট। প্যারিস অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। ডায়মন্ড লিগে বরবারই ভাল পারফর্মই করেন নীরজ। এবার একটুর জন্য সোনা হাতছাড়া করলেন।
নীরজ আরও বলেন, 'প্রত্যেকটা প্রতিযোগিতার পর আমার মনে হচ্ছে যে নিজের ছন্দে ফিরতে পারছি। এটাই আমার কাছে সবচেয়ে খুশির বিষয়। লুসান ও জুরিখের সমর্থকরা সবাই সমর্থন জুগিয়েছেন। এখানে খেলতে পারার অনুভূতিটা দারণ।'
উল্লেখ্য, কিছুদিন আগেই নিজের কোচও বদল করেছেন নীরজ। যে কোচের সঙ্গে টােকিও ও প্যারিস অলিম্পিক্সে পদক জিতেছিলেন, তাঁর সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন। নতুন কোচের অধীনে এখন খেলছেন তিনি।






















