এক্সপ্লোর
পাকিস্তানের সঙ্গে না খেলে ক্রিকেটে রাজনীতি আনা হচ্ছে কেন, প্রশ্ন বিষেণ সিংহ বেদীর

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে ক্রিকেট না খেলা দেশপ্রেমের পরাকাষ্ঠা নয়। এভাবে দেশপ্রেমকে সংকীর্ণ করে তোলার কারণ নেই। মনে করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিংহ বেদী। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক আবার চালু করার পক্ষে সওয়াল করেছেন তিনি। ২০১২-র পর থেকে আর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়নি। পাকিস্তান বারবার প্রস্তাব দিলেও একের পর এক জঙ্গি হানা ও সীমান্ত পরিস্থিতির জেরে তা প্রত্যাখ্যান করেছে ভারত। শুধু আইসিসি আয়োজিত টুর্নামেন্টেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ-র বার্ষিক কনক্লেভে বেদী প্রশ্ন তুলেছেন এ নিয়ে। এক সময়ের প্রবাদপ্রতিম স্পিনার বলেছেন, ক্রিকেটের রাজনীতিকরণের দরকার কী। ক্রিকেট না খেলে কি সন্ত্রাসবাদ মুছে ফেলা গিয়েছে। বরং ক্রিকেটের মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়ানো যায়। তাঁকে প্রশ্ন করা হয়, বর্তমান সামাজিক পরিস্থিতিতে পাকিস্তান বিরোধী হওয়াই দেশপ্রেমের লক্ষণ কিনা। জবাবে বেদী বলেন, তা ঠিক নয়। আমি ভারত বিরোধী কিছু বলছি না, শুধু পাকিস্তানের সঙ্গে একটা ক্রিকেট সিরিজ চাইছি। দেশপ্রেমের অর্থ এভাবে সংকীর্ণ করে তোলা উচিত নয়। বেদী বরাবরই বিসিসিআইয়ের কঠোর সমালোচক। ডিডিসিএ-র অনুষ্ঠানেও তিনি বলেছেন, বিসিসিআইয়ের বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া নাম থেকে কন্ট্রোল শব্দটি সরিয়ে দেওয়া উচিত। এর থেকে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী মানসিকতার দুর্গন্ধ বার হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, বোর্ডের নাম রাখা উচিত আইসিবি বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন























