FIFA World Cup: বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
WhatsApp With adidas: WhatsApp কর্তৃপক্ষ জানিয়েছে adidas-এর সহযোগিতায় টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ বল ‘Trionda’-কে WhatsApp-এ যুক্ত করা হয়েছে।

কলকাতা: আসছে বিশ্বকাপ । ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব । আর ফুটবলের সেই মহাযজ্ঞকে আরও উপভোগ্য করে তুলতে বেশ কিছু নতুন ফিচার চালু করল WhatsApp । বিশ্বের বিভিন্ন প্রান্তে থাক মানুষ যাতে একই সঙ্গে এই উৎসবে মেতে উঠতে পারেন, সেই কারণেই নতুন এই ফিচারগুলো নিয়ে এল মেটার অধিনস্থ এই সংস্থা । উল্লেখ্য, এবারের বিশ্বকাপের প্রথম ৪৮ টি দল অংশ নিতে চলেছে ফুটবল বিশ্বকাপে ।
গত কয়েক বারের মতো এবারেও বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ম্যাচ বল তৈরি করছে জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা adidas । আর WhatsApp কর্তৃপক্ষ জানিয়েছে adidas-এর সহযোগিতায় টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ বল ‘Trionda’-কে WhatsApp-এ যুক্ত করা হয়েছে ।
এখন ফুটবলের ইমোজি পাঠালে বা রিঅ্যাকশন হিসেবে ফুটবল ব্যবহার করলে বিশেষ অ্যানিমেশন দেখা যাবে । এর পাশাপাশি ভিডিও কলে নতুন ফুটবল-ভিত্তিক ভিজ্যুয়াল এফেক্টও যুক্ত হয়েছে, যা গ্রুপ কলের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে ।
ফুটবলপ্রেমীদের আবেগ প্রকাশের জন্য চালু করা হয়েছে নতুন ফুটবল-থিমযুক্ত স্টিকার প্যাকও । ম্যাচে প্রিয় দলের গোল, বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত কিংবা মিস হওয়া পেনাল্টি—সব ধরনের প্রতিক্রিয়া এখন স্টিকারের মাধ্যমে আরও সহজে প্রকাশ করা যাবে ।
শুধু চ্যাট বা কল নয়, তথ্য পাওয়ার ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে WhatsApp । টুর্নামেন্ট উপলক্ষে চালু হয়েছে একটি বিশেষ ‘ফুটবল ডিরেক্টরি’, যেখানে প্রিয় দল, ম্যাচের স্কোর, কাউন্টডাউন, হাইলাইটস এবং নেপথ্যের নানা মুহূর্ত এক জায়গায় পাওয়া যাবে । এছাড়া এখন চ্যানেলগুলি তাদের আপডেট সরাসরি স্ট্যাটাস হিসেবেও প্রকাশ করতে পারবে । এ ছাড়াও, Meta AI-এর সাহায্যে ব্যবহারকারীরা টুর্নামেন্টের পয়েন্ট টেবিল, খেলোয়াড়দের তথ্য কিংবা কাছাকাছি কোথায় ম্যাচ দেখার ব্যবস্থা রয়েছে, সেই তথ্যও দ্রুত জানতে পারবেন ।
তবে নতুন ফিচার যুক্ত হলেও WhatsApp স্পষ্ট করেছে যে ব্যক্তিগত চ্যাট ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে । ফলে ফুটবল নিয়ে উত্তেজনা, আলোচনা বা মতামত সম্পূর্ণ ব্যক্তিগত ও নিরাপদভাবেই ভাগ করে নেওয়া যাবে । ফুটবল উৎসবকে আরও সামাজিক ও মজাদার করে তুলতেই WhatsApp-এর এই নতুন উদ্যোগ বলে মনে করছে প্রযুক্তি মহল ।






















