জমি বিবাদের জেরে প্রৌঢ়া সহ ২ প্রতিবেশীকে কুপিয়ে খুন, অভিযুক্ত গ্রেফতার
বাঁকুড়ার মানকানালি বাঁধ এলাকায় এক প্রৌঢ়া সহ ২ প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে খুন, অভিযোগ মৃতের পরিবারের। গ্রেফতার অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল ৭টা নাগাদ এলাকারই একটি চায়ের দোকানে বসেছিলেন বছর বাহান্নর গুণময় চৌধুরী।অভিযোগ, আচমকাই সেখানে এসে তাঁর উপর চড়াও হন প্রতিবেশী অরূপ চৌধুরী। ধারাল অস্ত্র দিয়ে প্রৌঢ়কে কোপাতে শুরু করেন ওই যুবক। বাধা দেওয়ায়, ওই যুবক আরেক প্রতিবেশী মিঠুবালা রায়কেও ধারাল অস্ত্র দিয়ে কোপান বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় গুণময় ও বছর পঞ্চান্নর মিঠুবালার। অভিযুক্তের মায়ের দাবি, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। যদিও মৃত প্রৌঢ়ের পরিবারের দাবি, জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে খুন। অভিযুক্ত যুবককে আটক করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। তবে কোনও লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি।



























