Panchayat Election 2023: 'আপনি দায়িত্ব পালনে ব্যর্থ', নির্বাচন কমিশনারকে তিরস্কার রাজ্যপালের
পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) ভোটগ্রহণে বাকি মাত্র ৪৮ ঘণ্টা। তার আগেও হিংসা, রক্তপাতের খবর সামনে আসছে। সেই নিয়ে এবার রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে তীব্র ভর্ৎসনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ভাঙড়, কোচবিহার, পুরুলিয়া, বাসন্তীতে যে ঘটনা ঘটেছে, তার দায় কার, নির্বাচন কমিশনকে (WB Election Commission) এর জবাব দিতে হবে বলে মন্তব্য করলেন তিনি।
বৃহস্পতিবার সকাল থেকেও দফায় দফায় হিংসা, অশান্তির খবর সামনে এসেছে। রাতের অন্ধকারে কোপ মারা, হামলা চালানোর ঘটনা সামনে এসেছে। সেই আবহেই এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল বোস। সেখানে সরাসরি কমিশনকে নিশনা করেন তিনি। বলেন, "আগুন নিয়ে খেলা চলছে, মানুষের জীবন নিয়ে খেলা চলছে। মানুষের চোখের জল দেখেছি আমি। শিশুরা কাঁদছে। মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা বন্ধ হোক।"
কমিশনের উদ্দেশে এদিন রাজ্যপাল বোস বলেন, "ভাঙড়, কোচবিহার, পুরুলিয়া, বাসন্তীর ঘটনার দায় কার? এতগুলি মৃত্য়ুর দায় কার, জবাব দিতে হবে কমিশনকে। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। নির্বাচন কমিশনের উচিত নিজেদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করা। বাংলার মাথা এখন হেঁট হয়ে যাচ্ছে।"
























