West Bengal Election 2021: বিজেপির পরিবর্তন যাত্রায় কালো পতাকা
বিজেপির পরিবর্তন যাত্রায় কালো পতাকা। ভাঙড়ে তৃণমূল অফিসের ছাদ থেকে রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পালদের রথকে উদ্দেশ্য করে দেখানো হয় কালো পতাকা। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েকজনের কাঁধে ছিল সিলিন্ডার। অন্যদিকে, অন্ডালের দক্ষিণখণ্ড এলাকায় বাবুল সুপ্রিয়, রাহুল সিনহাদের রথ লক্ষ্য করেও কালো পতাকা দেখায় তৃণমূল।
রথযাত্রা, মহাধুমধাম। কিন্তু, গেরুয়াশিবিরের শোভাযাত্রার পথে, বিক্ষিপ্ত অশান্তি তৈরি করল তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, দুই জেলার দুই প্রান্তে বিজেপির রথযাত্রায় কালো পতাকা দেখাল শাসকদল।
শুক্রবার বাঁকুড়ার মেজিয়া থেকে রানিগঞ্জ হয়ে পশ্চিম বর্ধমানে ঢোকে বিজেপির পরিবর্তন রথ। অন্ডালের দক্ষিণখণ্ড এলাকা রথ পৌঁছতেই কালো পতাকা দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা। সেইসময় রথে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় নেতা রাহুল সিন্হা।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বিজেপির রথযাত্রাতেও দেখানো হয় কালো পতাকা। ভাঙড়ের বামনঘাটা এলাকায় তৃণমূলের পার্টি অফিসের কাছাকাছি রথ পৌঁছতেই কালো পতাকা দেখান দলের কর্মীরা। কারও হাতে ছিল তৃণমূলের পতাকা। গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে সিলিন্ডারও কাঁধে তুলে নেন কেউ কেউ। তবে, এই সময় রথে ছিলেন না কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। ছিলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ও বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।






















