Camac Steet Row | দফায় দফায় তলব নেতাদের, ঠিক কী ঘটেছিল ক্য়ামাক স্ট্রিটে?
কলকাতা : ক্যামাক স্ট্রিটকাণ্ডে অবশেষে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। বুধবার সকাল ১০টা নাগাদ নিজের গাড়ি চালিয়ে থানায় পৌঁছন তিনি। এই একই মামলায় আজ ওই থানায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কেও। বৃহস্পতিবার তলব করা হয়েছে আরও এক তৃণমূল নেতা, বৈশ্বানর চট্টোপাধ্যায়কে।
সম্প্রতি কলকাতা পুরসভার আধিকারিকেরা ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থেকে বিলবোর্ড খুলতে গিয়েছিলেন। তৃণমূলের নামাঙ্কিত সেই বিলবোর্ড অবৈধ ভাবে বসানো হয়েছে বলে অভিযোগ তাদের। পুরসভা জানায়, বিলবোর্ডটি বিপজ্জনক ভাবে ঝুলছিল। তাই তা খুলে নিতে গিয়েছিলেন পুরসভার আধিকারিকরা। যদিও অভিষেক এবং তাঁর অনুগামীরা পুরকর্মীদের কাজে বাধা দেন বলে ওঠে অভিযোগ। পুলিশের সহযোগিতায় আধিকারিকরা দফতরে ঢোকার সময় তৈরি হয় উত্তেজনা । পুলিশ ও পুরকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে অভিষেকদের বিরুদ্ধে।
এই মামলায় তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। মঙ্গলবার দুপুর ১২টা বেজে ১৬ মিনিট নাগাদ হাজিরা দেন তিনি। আর বের হলেন যখন, তখন বাজে ৫টা ৪৫ মিনিট।






















