Delhi Blast: দিল্লিতে বিস্ফোরণে সামনে এল জইশ-ই-মহম্মদের মডিউলের প্রসঙ্গ,উঠে আসছে পুলওয়ামা-যোগ!
ABP Ananda LIVE: দিল্লিতে আত্মঘাতী জঙ্গি হামলা? দিল্লিতে গাড়ি বিস্ফোরণ যে জঙ্গি নাশকতা, তা বোঝা গেছিল আগেই। এবার এই ঘটনায় সামনে এল জইশ-ই-মহম্মদের মডিউলের প্রসঙ্গ। উঠে আসছে পুলওয়ামা-যোগ! বিস্ফোরণের মূলচক্রী হিসেবে এখনও যার নাম উঠে আসছে, সেই উমর-উন-নবি পুলওয়ামার বাসিন্দা পেশায় একজন চিকিৎসক। এখন প্রশ্ন হচ্ছে, দিল্লিতে কি আত্মঘাতী হামলা চালানো হয়েছে? নাকি তার দুই সঙ্গী গ্রেফতার হওয়ার পর ঘাবড়ে গিয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে দিল্লির দিকে পালিয়ে এসেছিল উমর? তড়িঘড়ি বিস্ফোরক অন্যত্র সরাতে গিয়ে ভুলবশত বিস্ফোরণ হয়ে যায়নি তো, সেসব সম্ভাবনা এখন পুলিশ ও একাধিক তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছে। আর এরইমধ্যে ২ হাজার ৯০০ কোজি বিস্ফোরকের পর আজ আরও ৫০-৬০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে।
'কোনও গর্ত হয়নি, অপরিণত ছিল বোমাটি, আত্মঘাতী হামলার ধরন নয়', প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা : ANI সূত্র
দ্রুত গতিতে চলছে দিল্লি বিস্ফোরণের তদন্ত-প্রক্রিয়া। প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে, প্রথাগত আত্মঘাতী বিস্ফোরণ ছিল না এটা। আতঙ্কের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। বিস্ফোরণের পর জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার সন্দেহে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা এজেন্সি। ফরিদাবাদ, সাহারানপুর, পুলওয়ামা এবং বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ক্রমাগত চাপের মুখে এই কাজ করে থাকতে পারে সন্দেহভাজন। এমনই মনে করছেন তদন্তকারীরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রের এমনই খবর।






















