Mamata Banerjee | "সব পরিষ্কার হয়ে গিয়েছে...", সাংবাদিক বৈঠক থেকে হুঙ্কার মমতার
কলকাতা : ভোট চুরির অভিযোগে টানা আন্দোলনে নামছে বিরোধীরা। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে INDI জোটের ২০দলের বৈঠক। তারপরেই ঘোষণা। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ২ অক্টোবর থেকে আন্দোলন। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। নাম গণতন্ত্র বাঁচাও যাত্রা। এই আবহেই ৬ অক্টোবর নির্বাচন কমিশন পর্যন্ত বিরোধী সাংসদদের মিছিল। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার। এদিন মল্লিকার্জুন খাড়গে বলেন, "নোটবন্দি থেকে ভোটবন্দি করেছেন প্রধানমন্ত্রী, হাতের পুতুল জ্ঞানেশ কুমার। নরেন্দ্র মোদি-অমিত শাহের হাতের পুতুল হয়ে কাজ করছেন তিনি।" পাশাপাশি দাবি জানিয়েছেন, EVM-এর বদলে ব্যালটে ফেরানোর।
এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের SIR নিয়ে সরব হন মমতা। তিনি বলেন, "ভ্যানিশ কুমারকে না সরালে আমাদের আন্দোলন চলবে। শুধুমাত্র বাংলায় ৯২ লক্ষ ভোট লুঠ হয়েছে। আমাদের ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। আমরা লড়ব, জিতব, গণতন্ত্র ফেরাব।" গণতন্ত্র ফেরাতে প্রত্যয়ী রাহুলও। তাঁর সাফ কথা, "যারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা যাতে শাস্তি পায়, সেটা আমরা নিশ্চিত করব। নরেন্দ্র মোদি, অমিত শাহ গণতন্ত্রকে ধ্বংস করেছেন। বিরোধী দলগুলি ভারতীয় সংবিধানের রক্ষক হয়ে দাঁড়াবে।" এছাড়াও, বৈঠকে ছিল ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি, আছে CPM, CPI, CPI(ML) Liberation, RJD, শরদ পাওয়ারের NCP, উদ্ধব ঠাকরের শিবসেনা, সমাজবাদী পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ন্যাশনাল কনফারেন্স।






















