CM Suvendu Adhikari : "চুরি করলে নিস্তার নেই...", বীরভূম থেকে TMC-কে 'দেউচা-তোপ' মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বীরভূম সফরে গেলেন শুভেন্দু অধিকারী। একাধিক কর্মসূচি। 'পাথরসম্রাট' টুলু মণ্ডলের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার, পাথর খাদানের দুর্নীতির দাপট, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড এবং সর্বোপরি প্রাক্তন মন্ত্রী আশিস বন্ধ্যোপাধ্যায়ের মৃত্যু! একটার পর একটা ঘটনা, হাইভোল্টেজ রাজনীতি, সেই আবহে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী।
দেউচা-নিশানা
রামপুরহাটের প্রশাসনিক বৈঠক। তারপরই বেরিয়ে দেউচা পাঁচামি নিয়ে তৃণমূলকে নিশানা। শনিবার বীরভূম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ভাল করে কাজ করব। সেপ্টেন্বরের শেষ সপ্তাহে আসব। দেউচা পাঁচামি নিয়ে সম্পূর্ণ রোডম্যাপ তৈরি করে জানাব। তবে একটা কথা জানিয়ে রাখা উচিত, দেউচার আদিবাসীদের জমির ভিত্তিতে বর্ধমানের তৃণমূল নেতাদের পাট্টা দেওয়া হয়েছিল। সেই পাট্টা দেখিয়ে চাকরিও দেওয়া হয়েছে। তবে আপাতত ওই চাকরি বাতিল।"
আশিসের বাড়িতে মুখ্যমন্ত্রী
এদিন বেলার দিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রামপুরহাটে প্রশাসনিক বৈঠকের পর প্রাক্তন মন্ত্রীর বাড়িতে গেলেন তিনি। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গে। উল্লেখ্য, রবির সকালে বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছিল আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। উদ্ধার হয়েছিল একটি নোটও। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রী রহস্যমৃত্যু ঘিরে চড়ে রাজনীতি। তাঁকে কি হুমকি দেওয়া হয়েছিল? প্রশ্ন তোলেন বিরোধীরা। কাঠগড়ায় দাঁড় করানো হয় স্থানীয় বিজেপি নেতাদের। যদিও শনিবার নিহত প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "ওনারা আমাকে বলেছেন, প্রশাসন-বিজেপির কেউ বিরক্ত করেননি। কারণ ওঁরা নিজেরাও জানে না। এখানে বিজেপির লোকেরাও আশিস বন্দ্যোপাধ্যায়কে সম্মান করতেন।"






















