IND vs NZ: রাজকোটে 'কিং কোহলি'র বিরাট-কীর্তি, ভাঙলেন সচিনের রেকর্ড
ABP Ananda LIVE: বিরাট কোহলি আর রেকর্ড যেন একেবারে সমার্থক হয়ে গিয়েছে। আজকাল কোহলির মাঠে নামা মানেই কোনও না কোনও রেকর্ডের ভাঙা-গড়া। বুধবারও তার অন্যথা হল না। রাজকোটে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতে কোহলির ব্যাট থেকে রাজকীয় ইনিংস এল না বটে। তবে ইতিহাস গড়ে ফেললেন তিনি।
আন্তর্জাতিক ওয়ান ডেতে নাগাড়ে পাঁচ ম্যাচে অর্ধশতরানের গণ্ডি পার করে এদিন মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। লিস্ট 'এ' ক্রিকেট ধরলে সেই সংখ্যাটা পৌঁছয় সাতে। টানা সাত ম্যাচে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় মহাতারকা। আশা ছিল রাজকোটেও সেই ফর্ম অব্যাহত রাখবেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে নাগাড়ে ছয় ওয়ান ডে আন্তর্জাতিকে ৫০ রানের গণ্ডি পার করবেন। তেমনটা হল না।
গত ম্যাচে বঢোদরায় অল্পের জন্য সচিনের রেকর্ড হাতছাড়া হয়েছিল কোহলির। ৯৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ইনিংসের সুবাদেই কিউয়িদের বিপক্ষে সচিনের সমান সংখ্যক রান করে ফেলেছিলেন কোহলি। 'মাস্টার ব্লাস্টার'-কে পিছনে ফেলে এগিয়ে যেতে রাজকোটে কোহলির মাত্র এক বল লাগল। ইনিংসের প্রথম বলে চার মেরেই দুরন্ত ছন্দে শুরুটা করেন বিরাট। সেই বাউন্ডারির সুবাদেই তিনি কিউয়িদের বিরুদ্ধে রানের নিরিখে সফলতম ভারতীয় ব্যাটার হয়ে গেলেন।






















