RBI Repo Rate: রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, উৎসবের মরশুমে বড় ধাক্কা, গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বাড়তে পারে
RBI Hikes Repo Rate: বুধবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে RBI. এর ফলে বর্তমানে রেপো রেটের হার হল ৫.৫ শতাংশ।

নয়াদিল্লি: উৎসবের মরশুমে জোর ধাক্কা। রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হল রেপো রেট। এর ফলে পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তের। কারণ এর ফলে আরও মহার্ঘ্য হতে চলেছে গৃহঋণের EMI. বাড়ি বিক্রির বাজারেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাঁরা গৃহঋণের উপর নির্ভরশীল। ২০২৩ সালের পর এই প্রথম রেপো রেট বাড়াল RBI. ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির দরুণই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। (RBI Hikes Repo Rate)
বুধবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে RBI. এর ফলে বর্তমানে রেপো রেটের হার হল ৫.৫ শতাংশ। অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে যে হারে সুদ নেয় RBI, তাকেই রেপো রেট বলে। RBI-কে বেশি হারে সুদ দিতে হলে, গ্রাহককে দেওয়া ঋণেও সুদের হার বৃদ্ধি করে ব্যাঙ্কগুলি। ফলে রেপো রেট বৃদ্ধিতে গ্রাহকের পকেটেই টান পড়ে। (RBI Repo Rate)
আরও পড়ুন: শত শত ব্যাঙ্ক বন্ধ করে দিল চিন, মূলত ছোট এবং গ্রামীণ ব্যাঙ্কগুলির উপরই কোপ, কিসের ইঙ্গিত?
BankBazaar-এর সিইও এ শেট্টি CNBC-কে জানিয়েছেন, ফ্লোটিং রেটে দীর্ঘমেয়াদি ঋণ নিয়েছেন যাঁরা, রেপো রেট বৃদ্ধির ফলে তাঁদের পকেটে টান পড়তে চলেছে। তিনি জানিয়েছেন, কেউ যদি ৭.৫ শতাংশ হারে ২৫ বছরের জন্য ৫০ লক্ষ টাকা গৃহ ঋণ নিয়ে থাকেন, এতদিন তিনি মাসে ৩৬,৯৫০ টাকা EMI গুনতে হচ্ছিল তাঁকে। রেপোরেট বৃদ্ধির ফলে মাসে আরও ৮১৭ টাকা চলে যাবে তাঁর পকেট থেকে। এখন থেকে প্রতি মাসে EMI দিতে হবে ৩৬৯৫০ টাকা করে। সব মিলিয়ে ২.৪৫ লক্ষ টাকা বেশি সুদ গুনতে হতে পারে।
আরও পড়ুন: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
তবে পুরোটাই নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ঋণের পরিকাঠামোর উপর। ভবিষ্যতে সুদের হার কমবে, এমনটা ভেবে আর্থিক পরিকল্পনা না করাই ভাল বলে মত শেট্টির। সুদের হারে পরিবর্তন ঘটলে, ফ্লোটিং রেটে নেওয়া ঋণের সুদেও তার প্রভাব পড়ে। মেয়াদ অপরিবর্তিত রেখে সুদের হার বাড়িয়ে দিলে বেড়ে যায় EMI-এর পরিমাণ। বিকল্প হিসেবে EMI একই রেখে ঋণের মেয়াদ বাড়িয়ে দেওয়াও যায়। এতে পরিশোধযোগ্য মোট সুদ বেড়ে যায় অনেকটাই।
একই ভাবে, রেপো রেট বৃদ্ধির ফলে গাড়ি কিনতে নেওয়া ঋণ, পার্সোনাল লোন বা ব্যক্তিগত প্রয়োজনে নেওয়া ঋণের উপরও প্রভাব পড়তে পারে। বিশেষ করে সবে সবে ঋণ নিয়েছেন যাঁরা, টান পড়তে পারে তাঁদের পকেটে। ধরা যাক, ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকা ঋণ নিয়ে গাড়ি কিনেছেন কেউ। ৯ শতাংশ সুদের হারে ২০৭৫৮ টাকা EMI দিতে হচ্ছিল এতদিন। সুদের হার বেড়ে ৯.২৫ শতাংশ হলে মাসে ২০৮৮০ টাকা করে EMI দিতে হতে পারে তাঁকে। আগের হারে ১০ লক্ষ টাকার ঋণে ১২.৪৬ লক্ষ টাকা মেটাতে হচ্ছিল তাঁকে। রেপো রেট বৃদ্ধির পর মেটাতে হবে ১২.৫৩ লক্ষ টাকা। মাসে মাসে গুনতে হবে আরও ১২১ টাকা।























