Belur Math Closed : অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠের দরজা
Belur Math Closed : অনির্দিষ্টকালের জন্য মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত

হাওড়া : রাজ্যজুড়ে করোনার বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠের দরজা। এর আগে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মঠে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। রবিবার ফের বিজ্ঞপ্তি জারি করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। রাজ্য সরকারের কোভিড নির্দেশিকা মেনে অনির্দিষ্টকালের জন্য মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে মঠ কর্তৃপক্ষ জানিয়েছে।

কল্পতরু উত্সবের আগেই ঘোষণা হয়েছিল, ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠ বন্ধ থাকবে। ওই সময় মঠে ভক্তরা প্রবেশ করতে পারবেন না বলে মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়। মঠ কর্তৃপক্ষ জানায়, অনিবার্য কারণবশত এই পদক্ষেপ। তবে মনে করা হয়, কোভিড সতর্কতার কারণেই অতিরিক্ত ভিড় এড়াতে এই সিদ্ধান্ত। মঠ কর্তৃপক্ষ জানায়, ৫ জানুয়ারি থেকে ফের যথারীতি খুলে যাবে বেলুড় মঠ। কিন্তু এরই মধ্যে করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার। মৃত্যু হয়েছে পুরুলিয়ার ব্লক উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। সংক্রমিত কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। সোম থেকে রবি, মাত্র সাতদিনেই ৪৩৯ থেকে বেড়ে রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজারের বেশি! শুধু কলকাতাতেই সংক্রামিতের সংখ্যা বেড়েছে ১৬ গুণ! উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত প্রায় হাজার! গত ২৪ ঘণ্টায় ৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে। এই পরিস্থিতিতেই এই সিদ্ধান্ত বেলুড় মঠ কর্তৃপক্ষের।
এদিকে, রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানের সূচনা হওয়ার কথা আগামী ১ মে। সূত্রের খবর, সেদিন রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেই নরেন্দ্র মোদির যোগ দেওয়ার সম্ভাবনাও আছে। বেলুড় মঠ সূত্রে খবর, এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে এক বছর ধরে দেশে ও বিদেশে হবে নানা অনুষ্ঠান। বেলুড় মঠের সঙ্গে যৌথভাবে এই বছরভর উত্সব উদযাপন করতে চায় কেন্দ্রীয় সরকার। এখন করোনা ধাক্কা পেরিয়ে কেমন থাকে পরিস্থিতি, সেটাই দেখার।
Before You Go
Sukanta Majumdar: "গ্যালারিতে বসে নয়, পিচে নেমে খেলুন", কোন প্রসঙ্গে বললেন সুকান্ত? | KMC Poll





















