'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু অধিকারী', বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য
প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য এদিন বলেন, 'বুদ্ধদেব ভট্টাচার্য যে ৭ বছর অসুস্থ হয়ে গেলেন, এর একটাই কারণ আর কী হবে জানি না তবে রাজ্যটাকে এগিয়ে নিয়ে চলব।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হুগলির ডানকুনির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় ভারী শিল্পের সূচনা হল। মুখ্যমন্ত্রীর হাত ধরে মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর হয়। 'কারখানা চালু হলে অন্তত ১০ হাজার লোকের মানুষের কর্মসংস্থানের সুযোগ', আরও অনুসারী শিল্পের সম্ভাবনা তৈরি হবে, দাবি কারখানা কর্তৃপক্ষের। এই আবহে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু অধিকারী।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য এদিন বলেন, 'বুদ্ধদেব ভট্টাচার্য যে ৭ বছর অসুস্থ হয়ে গেলেন, এর একটাই কারণ আর কী হবে জানি না তবে রাজ্যটাকে এগিয়ে নিয়ে চলব। কারণ এ রাজ্যের ছেলেপিলেদের, পরবর্তী প্রজন্ম যেন আর অন্য রাজ্যে যেতে না হয় । এখানেই সেই গঠনটা আমি গড়ে তুলব। সেই ভাবনা থেকেই সিঙ্গুর, সেই ভাবনা থেকেই নন্দীগ্রাম, সেই ভাবনা থেকে জিন্দালদের স্টিল কারখানা চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বারবার একটা কথাই বলতেন আমি পারলাম না। আমি এত চেষ্টা করেও পারলাম না।'
তিনি এও বলেন, তবে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন যে এখানে শিল্প ফিরিয়ে আনবই। নতুন প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করবই। মীরা ভট্টাচার্য বলেন, আমার মনে হয় শুভেন্দু অধিকারী এ রাজ্যে শিল্প ফিরিয়ে আনতে পারবেন। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু অধিকারী।
মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দু অধিকারীর। 'প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে অনেক সময়, একবার এসে প্ল্যান্টের ভিতর দেখে যাবেন। আমাকে জানালে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরকারি হেলিকপ্টার দিয়ে দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন গুজরাত, উত্তরপ্রদেশ হতে দেব না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার না এলে শিল্পপতিরা ওড়িশা চলে যাবে বলেছিল। এই সরকার ক্ষমতায় আসায় বাংলা ও বাঙালিরা বেঁচে গেছে', আক্রমণ মুখ্যমন্ত্রীর।
এদিকে, বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তারক্ষী ফেরাল বিজেপি সরকার। এখন থেকেই ২৪ ঘণ্টার জন্য মীরা ভট্টাচার্য বাড়িতে নিরাপত্তারক্ষী থাকবে। এদিন মীরা ভট্টাচার্য বলেন, 'আগের সরকারের আমলে বাড়িতে থাকা নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়। গতকাল থেকে নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই'।























