Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Abhishek Banerjee's Sebaashray : সেবাশ্রয় নিয়ে বিতর্ক থামছে না। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে আরও ভয়ঙ্কর সব দুর্নীতির কাহিনী। এখানেই চিকিৎসা করে পা বাদ গিয়েছে মালতী বিশ্বাসের। কী ঘটেছিল তাঁর সঙ্গে ?

কলকাতা : ঢাকঢোল পিটিয়ে আয়োজন। মানুষের সেবার নামে, ঢালা হয়েছে কোটি কোটি টাকা। নিজের লোকসভা কেন্দ্রে 'সেবাশ্রয়'-কে একেবারে মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভা নির্বাচনের পর ফাঁস হল সেবাশ্রয়ের কালোবাজারি সম্পর্কে। প্রকাশ্যে এল একের পর এক দুর্নীতির চিত্র। হাঁটুর সমস্যা নিয়ে ৫৮ বছরের মালতী বিশ্বাস গেছিলেন সেবাশ্রয় ক্যাম্পে। সঠিক চিকিৎসা তো দূরের কথা, উল্টে ভুল চিকিৎসায় শেষপর্যন্ত পা বাদ দিতে হয় তাঁর। এমনই সব মারাত্মক অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন রবীন্দ্রনগরের দম্পতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। সবমিলিয়ে সেবাশ্রয়ের অন্দরে যে কি চলত তা প্রকাশ পাচ্ছে জনসমক্ষে।
কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ?
একসময় তিনি পরিবার নিয়ে ঘুরে বেড়াতে ভালবাসতেন! কিন্তু সেই দিন আর নেই। এখন সম্বল বলতে শুধু এই নকল পা। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার কারণে ডান পা বাদ দিতে হয়েছে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের বাসিন্দা, ৫৮ বছরের মালতী বিশ্বাসের।
২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি। হাঁটুর সমস্যা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন মালতী বিশ্বাস। দেখান ডাক্তারকে। কিন্তু চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনে না আছে চিকিৎসকের সই। না আছে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর। এমনকী, প্রেসক্রিপশনে তারিখটুকুরও উল্লেখ নেই। ওষুধ খেলেও সমস্যা কমে না। ৮ তারিখ সেবাশ্রয় মডেল ক্যাম্পে যান। তাতেও সমস্যার সমাধান হয়নি। তাকে চিকিৎসকরা যে ওষুধ দেন সেটা ফেব্রুয়ারি মার্চ মাসে খান। আবার গেলে বলে সরকারি হাসপাতালে যেতে হবে। পরিবারের দাবি, সেবাশ্রয় ক্যাম্প থেকে পাঠানো হয় এম আর বাঙুর হাসপাতালে। সেখান থেকে আবার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয় মালতী বিশ্বাসকে। সেখানেই ২০২৫-এর ২৭ মে অস্ত্রোপচার করে তাঁর ডান পা বাদ দিয়ে দেওয়া হয়। মালতী বিশ্বাসের স্বামী জানান, 'ওরা বা-পা টা অপারেশন করল। অপারেশন করার পরেও দেখলাম যে সাকসেস নয়। সেবাশ্রয়ের যে ওষুধটা খেয়েছে,তাতে বেড়ে গেল। তাদের ভুল ট্রিটমেন্টের জন্য পা-টা বাদ গেল।'
আরও পড়ুন - 'সেবার' আড়ালে দুর্নীতি ও লোক ঠকানোর খেলা! 'সেবাশ্রয়ে'র ওষুধও..., এ কোন অভিযোগ ?
মালতী বিশ্বাসের স্বামী জানান, লোকালের যেসব ছিল, তারা হচ্ছে কেউ ডাক্তার নয়। বুঝতে পারলাম যা। তাদের প্রেসক্রিপশনে কোনও সই, বা তাদের রেজিস্টার্ড নম্বর, কিচ্ছু তাদের নেই। মালতী বিশ্বাস জানান, ''পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। প্রথম যে ডাক্তার সে প্রথমে দেখেই আমাকে হেসে বলছে আপনি ১ লক্ষ ২০ হাজার টাকা দেবেন। আমি বললাম, আপনি কী বলছেন, আপনি এখানে বসে আছেন আপনি ডাক্তার তো?
মালতী বিশ্বাসের পা বাদ দিতে হলেও, অল্পের জন্য রক্ষা পান সরিষা কালীমন্দিরতলার বাসিন্দা, কলেজছাত্রী সুস্মিতা অধিকারী। তিনি জানান, 'ওখানে বলেই দিয়েছিল আপনার অ্যাপেনডিক্স হয়েছে। ইমিডিয়েটলি অপারেশন না করলে যন্ত্রণাটা আরও অনেক বাড়বে। আমি বাইরে একজন ডাক্তার দেখালাম। উনিই প্রথম বললেন একটা USG কর। USG করলাম আমরা কিন্তু সেরকম কিছু ধরা পড়েনি।' সব মিলিয়ে সেবাশ্রয় নিয়ে বিতর্ক থামছে না। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে আরও ভয়ঙ্কর সব দুর্নীতির কাহিনী।























