Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
Trinamool: চাপানউতোরের মধ্য়েই মঙ্গলবার ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে, ফের পথে নামলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গেলেন শ্যামবাজারে। ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান।

কলকাতা: রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রাক্তন মুখ্য়মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। আর এই নিয়ে চাপানউতোরের মধ্য়েই মঙ্গলবার ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে, ফের পথে নামলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গেলেন শ্যামবাজারে। ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান।
আরও পড়ুন: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
এই ঘটনার পর স্থানীয় এক বিজেপি কর্মী ঈশ্বরদয়াল শর্মা বলেন, "আমরা চোরকে চোর বলেছি। রেজিস্টার্ড চোরদের চোর বলবে না লোকে?" এর পাল্টা জবাব দিয়েছে 'কালীঘাট-তৃণমূল'।
নেতাজিকে লাগাতার ‘অসম্মান’ করার অভিযোগ তুলে এদিন বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে মঙ্গলবার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির সামনে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। স্মরণ করেন ক্ষুদিরাম বসুকেও। সেখানে দাঁড়িয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "আমরা এখানে নিন্দা করতে এসেছি। সুভাষচন্দ্র বসু আমাদের দেশের সবথেকে বড় নেতা। গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ।"
দুপুরে প্রথমে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে উপস্থিত হন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ও 'কালীঘাট-তৃণমূল'-এর লোকজন। কিন্তু জমায়েত করার অনুমতি না থাকায়, পুলিশ তাঁদেরকে সেখান থেকে সরে যেতে বলেন। তারপর ওই জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়। কিছুক্ষণ পরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূর্তির বেদির পাশে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা জানান নেতাজিকে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলা হয়। বিজেপির লোকজন এখন সুভাষচন্দ্র বসুর নামে গালাগালি দিচ্ছে, অসম্মান করছে। আমি এসব পছন্দ করি না। আমি তাদেরকে ধিক্কার জানাই। সেই জন্য সুভাষচন্দ্র বসুকে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি।"
শ্যামবাজার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বেরোতেই তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে 'চোর' স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপি কর্মী ঈশ্বরদয়াল শর্মা বলেন, "তৃণমূলের প্রত্যেকটা যারা এখনও তৃণমূল করছে, তাদের উদ্দেশে বলছি। তারা তো চোর! রেজিস্টার্ড চোর। রেজিস্টার্ড চোরদের চোর বলবে না লোকে?" তার পাল্টা এক তৃণমূল কর্মী বলেন, "যারা কিছু অন্যায় করেছিল, তারা সব চলে গেছে ওদের দলে। ওরা সব কুলাঙ্গারগুলোকে নিয়ে পার্টি করবে। ওদের ওয়াশিং মেশিনে চলে গেছে। ওদের ওয়াশিং মেশিনে।"






















