Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে ফেরার প্রস্তাব ফিরিয়ে মন্তব্য করলেন শতাব্দী রায়। মুখ খুললেন একদা দলে অভিষেকপন্থী বলে পরিচিত, অধুনা বিদ্রোহী তৃণমূল সাংসদ সায়নী ঘোষও।

অনির্বাণ বিশ্বাস, হিন্দোল দে, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : 'অনেক দেরি হয়ে গেছে! ৫ তারিখেই পদত্যাগ করলে দিদিকে এই দিন দেখতে হত না' - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে ফেরার প্রস্তাব ফিরিয়ে মন্তব্য করলেন শতাব্দী রায়। মুখ খুললেন একদা দলে অভিষেকপন্থী বলে পরিচিত, অধুনা বিদ্রোহী তৃণমূল সাংসদ সায়নী ঘোষও। 'দেরিতে বোধোদয়' বলে কটাক্ষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্ররা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'দলত্যাগীরা ফিরে এলে এক ঘণ্টার মধ্যে ইস্তফা দেব' মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হচ্ছে। বিদ্রোহী শিবিরের সমালোচনার মাঝেই এ বার প্রতিক্রিয়া দিলেন বিদ্রোহী তৃণমূল শিবিরের সাংসদ সায়নী ঘোষ। সায়নীকে অভিষেকের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, "Very nice of him. উনি যেটা বলছেন, ওটা উনি আরও ভাল বলতে পারবেন।" তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
এর আগে বিদ্রোহী শিবিরের আর এক সাংসদ শতাব্দী রায় অভিষেকের মন্তব্যকে কটাক্ষ করে বলেন, এই ঘোষণা অনেক আগেই করা উচিত ছিল। তাঁর কথায়, "আমার মনে হয়, ৪ তারিখের ফল প্রকাশের পর ৫ তারিখেই এটা করলে ভালো হত। তাহলে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের এরকম অবস্থা হত না।"
প্রসঙ্গত, শনিবার নিজের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলত্যাগীরা যদি তৃণমূলে ফিরে আসেন, তাহলে তিনি এক ঘণ্টার মধ্যে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। তাঁর দাবি, বিরোধী শিবিরে গিয়ে অনেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার আশ্বাস পাচ্ছেন। অভিষেকের এই মন্তব্যের পর কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলেরই একাংশ। প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, "এত দেরিতে বোধোদয় হল?" অন্যদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, "মরা গাঙে বান এসেছে। আমিই তো আগে অভিষেককে পদত্যাগ করতে বলেছিলাম।"
উল্লেখ্য, এর আগে দলত্যাগীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছিলেন,'এখনও সময় আছে, বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন এবং যে কর্মীরা মার খেয়েছে, মনে রাখবেন এঁরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে ... বেইমানদের কথায় বেইমানি করবেন না। সরাসরি বিজেপি করুন আর তা না হলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না।
তবে সেই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে ঘরে ফেরা নিয়ে তৃণমূলের অন্দরের মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। এই আবহে সায়নী ঘোষের সংযত প্রতিক্রিয়া এবং শতাব্দী রায়ের কটাক্ষ ঘিরে তৃণমূলের অন্দরের রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা আরও বেড়েছে।
আরও পড়ুন : জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা























