South Point School Scam: সাউথ পয়েন্ট স্কুলের তহবিল থেকে কোটি কোটি টাকা নয়ছয়! পরিবারের অ্যাকাউন্টে ট্রান্সফার
সাউথ পয়েন্ট স্কুলের তহবিল থেকে কোটি কোটি টাকা নয়ছয়, দাবি ইডি চার্জশিটে।

কলকাতা: সাউথ পয়েন্ট স্কুলে দুর্নীতির অভিযোগ, কৃষ্ণ দামানির বিরুদ্ধে চার্জশিট ইডির। সাউথ পয়েন্ট স্কুলের তহবিল থেকে কোটি কোটি টাকা নয়ছয়, দাবি ইডি চার্জশিটে। কৃষ্ণ দামানি সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য।
ব্যাঙ্কশাল আদালতের ইডির স্পেশাল কোর্টে চার্জশিট পেশ করে দাবি, 'স্কুলের টাকা পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন কৃষ্ণ দামানি'। এর আগে দুর্নীতির অভিযোগে কৃষ্ণ দামানিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
অভিযোগ, স্কুলে শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগের নামে প্রায় ২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। গ্রেফতার হয়েছেন ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি। পুলিশ সূত্রে খবর, MP বিড়লা গ্রুপের পক্ষ থেকে আরও তিনজনের নামে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশের রেডারে ট্রাস্টি বোর্ডের আরেক সদস্য সুশীলকুমার দাগা, সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির চিফ ফিন্যান্স অফিসার বিনয় সুরেকা ও স্কুলের প্রাক্তন কর্মী কেশবকুমার মালব্য। আর্থিক দুর্নীতিতে এঁরাও যুক্ত রয়েছেন বলে অভিযোগ।
শুধু নিয়োগ দুর্নীতি নয়, মুকুন্দপুরে তৈরি হচ্ছে সাউথ পয়েন্ট স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস। দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ খরচ ধার্য হয়েছিল সাড়ে চারশো কোটি টাকা। অভিযোগ, ইতিমধ্যেই খরচের অঙ্ক ছশো কোটি ছাড়িয়েছে। এখনও নির্মাণকাজ অনেকটাই বাকি।
ফলে দুর্নীতির অঙ্ক একশো কোটি পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে MP বিড়লা গ্রুপ। পুলিশ সূত্রে খবর, টাকা নয়ছয়ের উৎস সন্ধানে MP বিড়লা গ্রুপের তরফে অভ্যন্তরীণ তদন্ত করা হয়।
তদন্তে উঠে আসে, স্কুলে নিয়োগকারী সংস্থার সঙ্গে এমন কয়েকটি সংস্থার আর্থিক লেনদেন হয়েছে, যেগুলির সঙ্গে যুক্ত রয়েছেন ধৃত ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানির পরিবারের সদস্যরা। সাউথ পয়েন্ট স্কুলে এই বিপুল অঙ্কের দুর্নীতির টাকা কোথায়, কীভাবে সরানো হয়েছে, সেই মানি ট্রেল খুঁজে বের করার চেষ্টা করছে কলকাতা পুলিশ।
Before You Go
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda






















