TMC News: 'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
এর আগে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পায়নি তৃণমূল। ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া নিয়ে ED-র বক্তব্য জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট

নয়া দিল্লি: অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে তহবিল মামলার শুনানি ছিল। সেখানে এদিনও অ্যাকাউন্ট খুলতে সওয়াল করে তৃণমূল। দৈনন্দিন খরচ চালানো যাচ্ছে না, তৃণমূলের হয়ে সওয়াল বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বলের।
এর আগে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পায়নি তৃণমূল। ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া নিয়ে ED-র বক্তব্য জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন সেই জবাবে শীর্ষ আদালতে ইডির আইনজীবী বলেন, ৩টি অ্যাকাউন্টে ১২০ কোটি আছে, সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়নি। ৩টি অ্যাকাউন্ট থেকে দৈনন্দিন খরচ চালাতে পারে।
যদিও তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল আদালতে সওয়াল করেন, '১৬৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, অথচ ফ্রিজ করা হয়েছে ৪০০ কোটি। ২১৫ জন কর্মীর বেতন প্রতি মাসে ৫১ লক্ষ টাকা, ১৭টি অফিসের ভাড়া ১ কোটি। বিপুল অঙ্কের দৈনন্দিন খরচ মেটানো সম্ভব হচ্ছে না'।
আরও পড়ুন, কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কালীঘাট তৃণমূল সূত্রে দাবি, তাদের মোট ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ৩১টি ফিক্সড ডিপোজিট আছে। এগুলিতে ১ হাজার কোটির বেশি টাকা রয়েছে। ফিক্সড ডিপোজিট ভাঙলে সেই টাকা জমা হবে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টেই। এর মধ্যে অনেক ফিক্সড ডিপোজিট করা হয়েছিল ইলেকটরাল বন্ডের টাকা দিয়ে।
এই বিষয় নিয়েই প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় 'কালীঘাট তৃণমূল'। ১০ জুলাই, অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষও। সেসময় কয়েকটি শর্ত বেঁধে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন দৈনন্দিন কাজ ও মামলার খরচের জন্য ৩টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে অ্যাকাউন্টগুলি পরিচালনার ভার 'কালীঘাট তৃণমূল'-এর হাতে থাকবে না। সেগুলি পরিচালনা করবেন আদালতের নিয়োগ করা একজন স্পেশাল অফিসার। এরপর জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি।






















