SSC List: 'দাগি'-দের তালিকায় নেই মৃত শিক্ষক সুবল সোরেনের নাম', দাবি করে মুখ্যমন্ত্রীকেই দুষলেন শুভেন্দু
SSC Scam: দিনভর টালবাহানার পর শনিবার সন্ধে ও মধ্যরাতে দাগিদের ২টি তালিকা প্রকাশ করেছে এসএসসি

কলকাতা: পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বৌলাসিনি বিবেকানন্দ উচ্চতর বিদ্যালয়ের একাদশ-দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, আদালতের নির্দেশে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতন মিলবে। তারপর কী হবে, এই তীব্র মানসিক চাপের মধ্যেই হঠাৎ তাঁর স্ট্রোক হয়। অকালেই না ফেরার দেশে চলে যান, সুবল সোরেন। কলকাতার আর এন টেগোর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সেই সুবল সোরেনের। পরিবারের দাবি, তীব্র মানসিক চাপ ও ডিপ্রসনে থাকার ফলেই মৃত্যু হয়েছে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকের। আর আজ, 'দাগি'-দের প্রথম তালিকা প্রকাশ্যে আসার পরে শুভেন্দু অধিকারী দাবি করলেন, সেই তালিকায় নাম নেই সুবল সোরেনের।
আজ শুভেন্দু অধিকারী বলেন, '১৮০৬ বাদ গেলে ১৫ হাজারেরও বেশি শিক্ষক যোগ্য। যোগ্যদের কেন আবার পরীক্ষায় বসতে হবে? যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। অবিলম্বে সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর অপকর্মের জন্যই চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু হয়েছে।'
দিনভর টালবাহানার পর শনিবার সন্ধে ও মধ্যরাতে দাগিদের ২টি তালিকা প্রকাশ করেছে এসএসসি। যার কোনওটাতেই নেই দাগি শিক্ষক-শিক্ষিকাদের সকুলের নাম কিংবা তাদের পড়ানোর বিষয়। আর এ নিয়েই তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বিরোধী শিবির ও 'যোগ্য' চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা মহলে। বিরোধী শিবিরের স্পষ্ট অভিযোগ, এসএসসি- র প্রকাশিত এই তালিকা অসমপূর্ণ ও অস্বচ্ছ। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবার একে বলছেন টিপ অব দ্য আইসবার্গ! বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপিও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
SSC-র প্রকাশ করা, চাকরিহারা দাগি শিক্ষকদের তালিকায় নাম বেরোলেও, তা ঘিরেও উঠছে অনেক প্রশ্ন। চাকরিহারা শিক্ষক অমিতরঞ্জন ভুঁইয়া বলছেন, 'যে তালিকা প্রকাশিত হল এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ৫ হাজারের বেশি সংখ্যক। তবে এদের জন্য যোগ্য শিক্ষকরা বঞ্চিত হচ্ছে। তালিকা আগেও ছিল। আগে পেশ হলে আমাদের চাকরিগুলো থাকত। এখন পেশ করা হল যখন কিনা আমাদের আবার পরীক্ষায় বসতে হবে। এখন আমরা চাই, যেসব নেতাদের টাকা দিয়ে চাকরি পাওয়া গেছিল, তাদেরকে ধরা হোক।'
সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার ২ দিনের মাথায়, শনিবার, রাত ৮ টা নাগাদ প্রথমে একটি তালিকা প্রকাশ করে SSC..তাতে নাম ছিল ১ হাজার ৮০৪ জনের। সেই রাতেই দ্বিতীয়বার সেই তালিকা প্রকাশ করে কমিশন। দেখা যায়, আরও ২ দাগি শিক্ষক-শিক্ষিকার নাম যোগ হয়েছে। নতুন যোগ হওয়া, দু'জন দাগির মধ্যে প্রথমজন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা বেগম। তালিকায় জুড়েছে সঞ্চিতা দাস নামে আরেক দাগি শিক্ষিকার নাম। তবে মোট ৩৫ পাতার এই তালিকায় ছিল না কোনও বিষয় বা স্কুলের নাম। বিরোধীদের দাবি যা একেবারে অসমপূর্ণ এবং অস্বচ্ছ।






















