Taratala Building Collapse: কোন কারণে তারাতলার নির্মীয়মান গোডাউন হয়ে উঠেছিল 'ত্রাসের ঘর'? অনুসন্ধানে উঠে এল কী কী গাফিলতি?
Kolkata News: পুরসভার বিল্ডিং বিভাগের দাবি, পোক্ত ইস্পাতের কাঠামোর ওপর গোডাউনটি গড়ে না তোলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেটি। রি-ইনফোর্সড কংক্রিট প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পুরু ছিল না।

কলকাতা: বিল্ডিং প্ল্যানে গন্ডগোল? নাকি কোয়ালিটি কম্প্রোমাইজ? ঠিক কী কারণে তারাতলার নির্মীয়মান গোডাউন হয়ে উঠেছিল 'ত্রাসের ঘর'? কলকাতা পুরসভার প্রাথমিক পর্যবেক্ষণে সামনে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি গাফিলতির কথা।
পুরসভার বিল্ডিং বিভাগের দাবি, পোক্ত ইস্পাতের কাঠামোর ওপর গোডাউনটি গড়ে না তোলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেটি। রি-ইনফোর্সড কংক্রিট প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পুরু ছিল না। এমনকি বিল্ডিং প্ল্যানের নকশা মেনে রাখা হয়নি স্টিল কলামগুলোর মাঝের দূরত্ব। একটি কলামের সঙ্গে অন্যটির তফাত তুলনামূলকভাবে বেশি ছিল। এ ছাড়াও ইস্পাতের কাঠামোর ক্ষেত্রে নির্দিষ্ট মাপ মেনে না চলায়, সেটি ভার রাখতে পারেনি এবং কার্যত ধস নেমেছে।
তারাতলায় বিপর্যয় নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "যে সুপারভিশনের দায়িত্ব ছিল আর্কিটেকচার প্ল্যানারের, আমরা কালো তালিকাভুক্ত করছি।" এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের OSD 'কালীচরণ'-সহ বেশ কয়েকজনকে। কলকাতা পুরসভা সূত্রে খবর, শোকজের পর সোমবার তারাতলার গোডাউনের আর্কিটেক্ট ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠানো হয় কলকাতা পুরসভায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুর-কমিশনার। পাশাপাশি, নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে ও যে নির্মাণ আপাতত বন্ধ রাখা হয়েছে সেগুলোর ক্ষেত্রে প্রকাশ করা হয়েছে একটি 'গো অ্যাহেড' ফর্ম।
আরও পড়ুন: ভিটা-মাটি ছাড়া করব, কোনও দাঙ্গাবাজের ঠাঁই নেই, এই আইনে কোন ফাঁক-ফোকর রাখা হল না: শুভেন্দু অধিকারী
কলকাতা পুরসভার পুর কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডে বলেন, "একটা SOP রাজ্য সরকারের তরফে বানানো হয়েছে এবং একটা অ্যাপ্লিকেশন ফর্ম বানানো হয়েছে। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেটা দেখব, ফিল্ডে গিয়েও দেখব, তার ভিত্তিতে ওনারা রিপোর্ট দেবেন। হাই লেভেল কমিটি যদি গো অ্যাহেড দেয়, তাহলে ওরা গো অ্যাহেড পেয়ে যাবে।"
SOP মেনে নির্মাণ নিয়ে দ্রুত কলকাতা পুরসভার ১৬টি বরো এলাকায় শুরু হচ্ছে বিশেষ অডিট। স্মিতা পাণ্ডে বলেন, "প্রত্যেক ক্ষেত্রে স্পট ভিজিট হওয়ার কথা। কর্পোরেশনের তো আমাদের বিশাল টিম রয়েছে। আমরা আগেও যৌথ টিম করেছিলাম বরো পিছু। ওই টিমটায় PWD থেকে একজন ইঞ্জিনিয়ার আছেন। সিভিল ডিফেন্স রয়েছেন, লেবার রয়েছেন, ইলেকট্রিসিটি আছে, CESC তো আগে থেকেই ছিল।"
তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনা কেড়ে নিয়েছে বেশ কয়েকজনের প্রাণ। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, তার জন্যই এখন কড়া পদক্ষেপের পথে হাঁটছে কলকাতা পুরসভা।























