TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
TMC News : অভিষেককে নিশানা করে মমতার হাত ছাড়লেন তপন দাশগুপ্ত। তৃণমূল কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মন্ত্রী ও হুগলির তৃণমূল নেতা তপন দাশগুপ্ত।

কলকাতা : এবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মন্ত্রী ও হুগলির তৃণমূল নেতা তপন দাশগুপ্ত। অভিষেককে নিশানা করে মমতার হাত ছাড়লেন তপন দাশগুপ্ত। তিনি বলেছেন, 'পুরনো কর্মীদের ছাঁটাই করার জন্যই তৃণমূল কংগ্রেসের ভরাডুবি। এখন মোট ৩টে তৃণমূল কংগ্রেস চলছে। এই পরিস্থিতিতে তৃণমূল করা সম্ভব নয়। অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গেছে। রাজনীতিকে ব্যবসা ভাবলে, সেই দলের এই অবস্থাই হবে। অভিষেকের বিরুদ্ধে অনেক মামলা, পালিয়ে বেড়াচ্ছে। ওঁর কারও সম্বন্ধে বলা শোভা পায় না', অভিষেককে নিশানা করে মমতার হাত ছাড়লেন তপন দাশগুপ্ত।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। দলকে ডুবিয়ে দিয়ে এখন ছাড়ার কথা কেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন তুললেন তৃণমূলত্যাগী নেতা। তপন দাশগুপ্ত বলেছেন, 'দিদিকে ব্যবহার করে দলটাকে শেষ করেছে তাদের বিরুদ্ধে আমার ক্ষোভ। সেই ক্ষোভে আমি দল ছাড়ছি।' তৃণমূলের পুরনো সৈনিক তিনি। হুগলিতে দাপটের সঙ্গে দল করেছেন। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত তৃণমূলের টিকিটে টানা জিতে এসেছেন সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। পেয়েছেন মন্ত্রিত্বও। সেই তপন দাশগুপ্তও এবার দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন। দল ছাড়ার সময় তাঁর নিশানাতেও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
তপন দাশগুপ্ত বলছেন, 'দলের সর্বনাশের জন্য দিদি যতটা দায়ী নন, দলের দুই-একজন দায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন কারণ অনেকগুলো কেস আছে তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে বেড়াচ্ছেন। ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে।' নবীন থেকে প্রবীণ, ঋতব্রত-তৃণমূলে পা রাখা নেতাই হোন বা একেবারে পাততালি গুটিয়ে দল ছেড়ে দেওয়া তৃণমূল নেতা - দলের করুণ পরিস্থিতির জন্য এই একটা লোককেই দায়ী করছেন সকলে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি 'দলবদলু'- দের নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'আপনারা ফিরে আসুন। আমি এক ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগাল দাও, তোমাকে বাঁচিয়ে রাখব।' আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়েও পাল্টা নিশানা করেছেন সদ্য তৃণমূল ছেড়ে দেওয়া তপন দাশগুপ্ত। তপন দাশগুপ্ত বলছেন, 'আগে ছাড়েননি কেন? ওঁকে দল করতে কে বলেছিল? দলকে ডুবিয়ে দিয়ে এখন বলছেন ছাড়ব। করে লাভ কিছু হবে না। যাঁরা ছেড়ে যাওয়ার, তাঁরা তো চলেই গেছেন। লাভ কী হয়েছে?'























