Humayun Kabir News: ‘তৃণমূল-মিমের মধ্যে ডিল, যাতে জোট ভেঙে দেন ওয়েইসি’, দাবি হুমায়ুন কবীরের
Humayun Kabir Video: তৃণমূল এবং মিমের মধ্যে গোপন আঁতাত বলে অভিযোগ হুমায়ুন কবীরের। ভিডিও বিতর্কে শোরগোল রাজ্য রাজনীতিতে।

কলকাতা: স্টিং অপারেশনের ভিডিও ফাঁস হতেই জোট ভেঙে দিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM. সেই নিয়ে এবার পাল্টা ‘গড়াপেটা’র অভিযোগ তুললেন হুমায়ুন। তাঁর দাবি, আসলে তৃণমূল এবং AIMIM-এর মধ্যেই ‘ডিল’ হয়েছে। তাই জোট ভেঙে দিয়েছেন ওয়েইসি। (Humayun Kabir Video)
হুমায়ুনের ভিডিও ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। এবিপি আনন্দ ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি। তবে ওই ভিডিও-য় বিজেপি-র সঙ্গে গোপন বোঝাপড়ার কথা স্বীকার করে নিতে শোনা যায় হুমায়ুনকে। এমনকি বাবরি মসজিদ নির্মাণ নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সেই আবহেই হুমায়ুনের সঙ্গে জোট ভেঙে দেন ওয়েইসি। (Humayun Kabir News)
এবার জোট ভাঙার দায় তৃণমূলের ঘাড়েই চাপালেন হুমায়ুন। তাঁর বক্তব্য, “ওয়েইসির দলের অবজার্ভার আদিল হোসেন, রাজ্যসভাপতি, রঘুনাথগঞ্জের প্রার্থী ইমরান শোলাঙ্কি আর জেলা সভাপতি আসাদুল—মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান রহমান, হিমানি বিশ্বাস-সহ যারা প্রার্থী হয়েছে ওদের, তাদের সঙ্গে বসে ২০ কোটি টাকার ডিল হয়েছে।”
হুমায়ুন আরও বলেন, “আসাদুলের মাধ্যমে ইমরানের সঙ্গে ডিল হয়েছে, যাতে ওয়েইসি আমার সঙ্গে জোট ভেঙে দেয়। ২ কোটি টাকা অ্যাডভান্স দিয়েছে। ওদের প্ল্যান সাকসেসফুল।”
যদিও হুমায়ুনের কথায় গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বলেন, “তাহলে যার সঙ্গে জোট করেছিল, সে দালাল? প্রতিটা স্তর তো এক্সপোজড! যে হুমায়ুন কবীর এক সময় বিজেপি-র পতাকা নিয়ে প্রার্থী হয়েছে, সেই হুমায়ুন কবীর কংগ্রেস হয়েছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পা ধরে মন্ত্রিত্ব চেয়েছে। কোন হুমায়ুন কবীরের কথা বিশ্বাস করব? কোন হুমায়ুন কবীর আসল? এ কি তালমিছরির বিজ্ঞাপন নাকি যে ছবি ও সই দেখে চিনতে হবে! কোন হুমায়ুন আসল, কোনটা নকল! যারা বাংলার মানুষকে বিশেষ করে সংখ্যালঘু সমাজকে বোকা বানাতে চেয়েছে, বাবরি আবেগকে ব্যবহার করে, তাঁদের আত্মসম্মানকে আঘাত দিয়েছে, যে সেই আত্মসম্মান বিক্রি করেছে, তার নাম হুমায়ুন কবীর। প্রত্যেকটা কথা মিথ্যে।”
ভোটের আগে হুমায়ুনেক ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। হুমায়ুন প্রথমে ভিডিওটিকে AI দিয়ে তৈরি বলে দাবি করছিলেন। এখন আবার তাঁর দাবি, ৫১ মিনিটের ভিডিও-র ১৯ মিনিটই দেখিয়েছে তৃণমূল। পুরো ভিডিও সামনে আনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজনকে সন্ন্যাসী সাজিয়ে পাঠিয়েছিলেন, দিল্লির এক সাংবাদিকও এসেছিলেন বলে দাবি করেছেন।




















