Assembly Election 2026: তৃণমূলের মূলটাই উপড়ে ফেলতে চাই, মেয়ের বিচারের জন্যই বিজেপির প্রার্থী হতে চেয়েছি: অভয়ার মা
RG Kar Victim Mother: আর জি করে নৃশংসভাবে খুন হতে হয়েছিল অভয়াকে। তার প্রতিবাদে গোটা দেশ গর্জে উঠেছিল। দীর্ঘ দেড় বছর ধরে লড়াই চালাচ্ছিলেন অভয়ার মা, বাবা।

উত্তর ২৪ পরগনা: তিনি যে বিজেপি থেকে প্রার্থী হতে পারেন, তার আভাস নিজেই দিয়ে দিলেন অভয়ার মা। আজ বিকেলের মধ্যে বিজেপির পক্ষ থেকে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হবে। সেই তালিকায় পানিহাটিতে বিজেপি প্রার্থী হিসেবে নাম থাকতে পারে নিহত চিকিৎসকের মায়ের। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন অভয়ার মা। আর জি করে নৃশংসভাবে খুন হতে হয়েছিল অভয়াকে। তার প্রতিবাদে গোটা দেশ গর্জে উঠেছিল। দীর্ঘ দেড় বছর ধরে লড়াই চালাচ্ছিলেন অভয়ার মা, বাবা। এর আগেও বিজেপি থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছিল। এবার বিজেপির প্রার্থী হিসেবে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াতে চান বলে নিজেই জানিয়েছেন অভয়ার মা।
এবিপি আনন্দকে দেওয়া ফোনে সাক্ষাৎকারে অভয়ার মা জানান, ''মূলত আমি প্রার্থী হতে চাই নারীসুরক্ষার কথা ভেবে। পশ্চিমবঙ্গে কোনও মেয়ে, কোনও মহিলা সুরক্ষিত নয়। তৃণমূল যে রাজ্য চালাচ্ছে, তাতে প্রতিটি দফতরে চোর, দুর্নীতিবাজ ঢুকে গিয়েছে। এর প্রতিবাদের জন্যই বিজেপিতে যোগ দিতে চাই। আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু মানসিকভাবে প্রস্তুত ছিলাম না।'' এছাড়াও অভয়ার মা স্পষ্টভাবে জানিয়েছেন যে রাজ্যের বেহাল স্বাস্থ্যব্য়বস্থা, শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য নির্বাচনের ময়দানে তিনি নামছেন।
আর জি করে নিহত তরুণী চিকিৎসকের মা বলছেন, ''আমি দেখেছি যে রাজ্যের মানুষ এই সরকারের দুর্নীতির জন্য একেবারেই ভাল নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য বিজেপিতে যোগ দিয়েছি। আমিই ফোন করে বলেছিলাম যে আমি প্রার্থী হতে চাই। আমার মনে হয়েছে যে আমার মেয়ের মৃত্যুর ন্যায়বিচার পাওয়ার জন্য বিজেপিই একমাত্র বিকল্প। তাই ওদের সঙ্গেই থাকতে চেয়েছি।''
বিজেপি সরকারে আসতে পারে। এই সম্ভাবনার কথা জানাচ্ছেন অভয়ার মা। সেক্ষেত্রে তাঁদের মেয়ের বিচার মিলতে পারে। আর একইসঙ্গে অভয়ার মা বলছেন, তাঁদের মেয়ে স্বাস্থ্য দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তাই প্রচারে এই ইস্যুগুলোই তুলে ধরবেন তাঁরা।
এই ইস্যুতে অভয়ার বাবা বলেন, "যারা আন্দোলন করেছে, কেউ আমার মেয়ের বিচারের স্বার্থে করেনি। নিজেদের স্বার্থে করেছে। আমরা যে কী অবস্থায় আছি, কতটা এগিয়েছি, কতটা পিছিয়েছি, এটা কেউ জানে না। যারা আন্দোলনে যুক্ত ছিল, তারা কেউ জানে না। প্রথম থেকেই উদ্দেশ্য খারাপ ছিল ওদের। আমার মেয়ের মৃত্যুকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে।''
সেরা শিরোনাম




















