WB Assembly Election 2026: দিনভর সারছেন প্রচার, নিজেকে ফিট রাখতে কী খাচ্ছেন অভিনেতা রুদ্রনীল? কবে করছেন বিয়ে?
WB Assembly Election Rudranil Ghosh: যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা, সেই শিবপুরের ভোট ময়দানে এবার নতুন চ্যালেঞ্জের মুখে। প্রতিবেশীদের সামনে ভোট প্রার্থী হিসাবে কেমন সাড়া পাচ্ছেন ঘরের ছেলে?

শিবপুর: প্রচার শুরু করে দিলেন রুদ্রনীল ঘোষ। শিবপুর থেকে এবার অভিনেতা রুদ্রনীল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। অভিনেতা থেকে নেতা হয়ে ফের নতুন ভূমিকায়। প্রচারের ফাঁকে কী খাওয়া-দাওয়া করে পাওয়ার বাড়াচ্ছেন শিবপুরের বিজেপি প্রার্থী? আসুন দেখে নিই। এতদিন পর্দার জগতে অভিনেতা হিসাবে কামাল দেখিয়েছেন। সেই রুদ্রনীল ঘোষকে এবার দেখা যাচ্ছে শিবপুর বিধানসভায় বিজেপি প্রার্থী হিসাবে।
যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা, সেই শিবপুরের ভোট ময়দানে এবার নতুন চ্যালেঞ্জের মুখে। প্রতিবেশীদের সামনে ভোট প্রার্থী হিসাবে কেমন সাড়া পাচ্ছেন ঘরের ছেলে? এবারের বিধানসভা ভোটে শিবপুর আসনে লড়াই মূলত ত্রিমুখী। বিজেপির রুদ্রনীল ঘোষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য।
নির্বাচনী যুদ্ধে হিট হতে গেলে তো শরীরটাও ফিট থাকতে হয়। কী খাওয়া দাওয়া করছেন রুদ্রনীল? সকাল থেকে যতই প্রচারের কাজে দৌড়াদৌড়ি থাক না কেন, দুপুরে বাড়িতে বসে মাছ-ভাত খেলে তবেই শান্তি পান শিবপুরের বিজেপি প্রার্থী। তবে রুদ্রনীলের প্রথম পাতে ঘি আর কাঁচালঙ্কা থাকবেই। শনিবারের বারবেলায় তাঁর মেনুতে ছিল ভাত, মুগের ডাল, পটল, আলু, বেগুন ভাজার পাশাপাশি কড়কড়ে করে কাতলা মাছ। ভাজাভুজির পর ছিল শুক্তো।
খাওয়ার টেবিলে বসেই এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মজার ছলে অনেক কিছুই জবাব দিলেন। পাতে ছিল সুক্তো। যা খেতে সাধারণত একটু তেতোই হয়। তা নির্বাচনে কোন প্রার্থীকে তেতো মনে হয় আপনার এলাকায়? রুদ্র কিন্তু তেমনটা কাউকেই মনে করছেন না। তিনি বলছেন, 'কেউ তেতো নন। লড়াই লড়াইয়ের মতো হবে। প্রচার সৌজন্য মেনে হবে, তবে নির্বাচনী লড়াই ঠিকভাবে হবে।'
রুদ্রনীল ঘোষের অন্যতম পছন্দ হল আলু-পোস্ত। তাই প্রচারের ফাঁকে দুপুরের খাবারে প্রায়ই থাকে এই পদ। এছাড়াও সজনের ডাঁটা দিয়ে পাতলা ঝোলে যেন তাঁর প্রাণের আরাম। শেষপাতে ছিল চাটনি, পাঁপড়, দই। শিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী বলছেন, ''বঙ্গ বিজেপি কখনও নাক সিঁটকোয় না। খাওয়া নিজের রুচি অনুযায়ী। পুঁটি থেকে তিমি সব খাই।"
পুষ্টিবিদরা বলছেন, ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট। থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। পোস্তয় থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও আয়রন। মাছে আছে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। সজনের ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম, থেকে প্রচুর খনিজ উপাদান। ভোটে জিতলে কি বিয়ের পিঁড়িতে বসবেন? মুচকি হাসি হেসে রুদ্র বলছেন, ''হ্যাঁ, ভোটে যদি জিততে পারি, তাহলে বিয়েতেও রাজি আমি। আর বিয়ে করলে মোদিজীকে লাল দই খাওয়াব।''
ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। সকাল থেকে সন্ধে এখন শুধু প্রচার, প্রচার আর প্রচার। এই সময় শরীর সুস্থ রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের কাছে।
সেরা শিরোনাম




















