Bengal Election Result 2026: পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি, দিল্লি সচিবালয়ে বসল ‘ঝালমুড়ি’ ও ‘রসগোল্লা’র আসর!
এই খবর দিল্লি দরবারে যাওয়ার পরই দিল্লি সচিবালয়ে ‘ঝালমুড়ি’ ও ‘রসগোল্লা’র আসর বদল।

কলকাতা: পরিবর্তনের পক্ষেই রায় পশ্চিমবঙ্গের। নবান্নের কাছে উড়ল গেরুয়া পতাকা। পিছিয়ে একাধিক হেভিওয়েট মন্ত্রী। পরিবর্তনের ঝড়ে উত্তরবঙ্গে কার্যত নিশ্চিহ্ন তৃণমূল। দক্ষিণবঙ্গেও জোর ধাক্কা। বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসার পথে বিজেপি। ১৫ বছর পরে ফের পালাবদল। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে।
এই খবর দিল্লি দরবারে যাওয়ার পরই দিল্লি সচিবালয়ে ‘ঝালমুড়ি’ ও ‘রসগোল্লা’র আসর বদল। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সাফল্যকে ঝালমুড়ি ও রসগোল্লা উপভোগের মাধ্যমে উদযাপন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং তাঁর মন্ত্রিসভার সকল সদস্য। বলা হয়, 'বিশেষ করে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির এই বিজয় এক বিশেষ তাৎপর্য বহন করে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনের মডেলেরই এক বিজয়।'
কলকাতা থেকে জেলা-ভোটের রেজাল্ট আউট শুরু হতেই বিজয় উল্লাসে বিজেপি। সন্ধে সাড়ে ৬টায় বিজেপির সদর দফতরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
বিজেপির জয়ের পরেই ঝাড়মুড়ি-মিষ্টি খেয়ে উৎসব পালনের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে 'ঝালমুড়ি'কে মাখিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের ফলে গেরুয়া ঝড় ওঠা মাত্রই সেলিব্রেশনেও জায়গা পেল সেই ঝালমুড়ি। কলকাতার মুরলিধর সেন লেন থেকে, দিল্লিতে বিজেপির সদর দফতর...সর্বত্র ধরা পড়ল এক ছবি।
আরও পড়ুন, দই-কাতলা, মাছের মাথা দিয়ে ডাল- বিজেপির বিজয় উৎসবে 'মেনু'-তে তৃণমূলকে পাল্টা বার্তা
১৯ এপ্রিল, ঝাড়গ্রামে প্রচার করতে আসেন নরেন্দ্র মোদি। জনসভা শেষ হওয়ার পর, আচমকা ঢুকে পড়েন রাস্তার ধারের এই ভুজিয়ার দোকানে পকেট থেকে টাকা বের করে ঝালমুড়ি কিনে খান। যা নিয়ে কম কটাক্ষ করেনি তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'ঝালমুড়ি SPG-কে দিয়ে তৈরি করিয়ে, ১০ টাকা কখনও পকেটে থাকে ওঁর (নরেন্দ্র মোদির)? কত নাটক। ১০ টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে! বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা! আর যদি তৈরি করা না হবে, তাহলে দোকানে ক্যামেরা ফিট আগে থেকে ছিল কী করে?'
যদিও পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'আমি শুনেছি ঝালমুড়িও কিছু মানুষকে খুব জোর ঝটকা দিয়েছে। ঝালমুড়ি আমি খেলাম আর ঝাল লেগেছে তৃণমূলের।' এই ভাবে 'ঝাড়মুড়ি'-কে কেন্দ্র করে একেবারে মুখরোচক হয়ে ওঠে পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতি। ভোটের ফল বেরনোর পর সেই 'ঝাড়মুড়ি'ই জায়গা পেল সেলিব্রেশনের মাঝে।




















