এক্সপ্লোর
দীপিকার মাথার দাম ঘোষণাকারী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই, ট্যুইট শাবানার

মুম্বই: যারা দীপিকা পাড়ুকোনের মাথার দাম ঘোষণা করেছে, পদ্মাবত পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ক্ষতি করার হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ট্যুইট করে দাবি জানালেন শাবানা আজমি। ২৫ জানুয়ারি সারা দেশে পদ্মাবত-এর মুক্তির পথ প্রশস্ত করে সুপ্রিম কোর্টের ঘোষণার প্রশংসা করেছেন এই প্রবীণ অভিনেত্রী। কিন্তু যারা দীপিকার মাথার দাম ধার্য করেছে, তাঁকে প্রকাশ্যে জ্বালিয়ে দেবে বলেছে, হুমকি দিয়েছে সঞ্জয় লীলা বনশালিকেও, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই অপরাধী, দুষ্কৃতীদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ করলেই বিষয়টি পুরোপুরি মিটবে, ন্যয়বিচার মিলবে।
I welcome the SC decision on #Padmavat.but d unresolvd issue is those who put a price on @deepikapadukone head n publicly threatened to burn her alive n harm SLB are roaming free with impunity.Only ven State takes action against d criminal elements will justice be seen 2 be done
— Azmi Shabana (@AzmiShabana) January 19, 2018
পদ্মাবত দেখানো নিষিদ্ধ করে কয়েকটি রাজ্য সরকারের নির্দেশ, বিজ্ঞপ্তির ওপর গতকাল স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। পদ্মাবত দেখানোয় নিষেধাজ্ঞা জারি করে গুজরাত, রাজস্থান, হরিয়ানা ও মধ্যপ্রদেশ, এই ৪ রাজ্যের বিজ্ঞপ্তি, নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল প্রযোজক সংস্থা ভায়াকম ১৮ মোশন পিকচার্স। তারা জানিয়েছিল, সেন্সর বোর্ড ছাড়পত্র দিলেও রণবীর, সিংহ, দীপিকা পাড়ুকোন, শাহিদ কপূর অভিনীত ছবিটি মুক্তি পেতে দেবে না তাদের রাজ্যে।





















