এক্সপ্লোর
একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, এটা খুবই উদ্বেগের, বললেন তাপসী পান্নু

মুম্বই: দেশে একটি বিশেষ সম্প্রদায়ের দিকে আঙুল তোলা হচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক। বললেন তাপসী পান্নু। বলিউড অভিনেত্রী তাপসীর একেবারে হালের ছবি 'মুলক' তৈরি হয়েছে একটি মুসলিম পরিবারকে ঘিরে, যারা জড়িয়ে পড়েছে সন্ত্রাসের প্লটে যুক্ত থাকার অভিযোগে। আজ সেই ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে তাপসীর দাবি, ওই সম্প্রদায়ের প্রতি যে বৈষম্য করা হচ্ছে, সেটাই ছবিটি তাঁর হাতে নেওয়ার অন্যতম কারণ। দেশের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়ার উল্লেখ করেন, ওই বিশেষ সম্প্রদায়ের দিকে আঙুল তোলার অভিযোগ আনেন তাপসী। বলেন, এটা গভীর চিন্তার ব্যাপার। আমি আমার নিজের জীবন থেকে উদাহরণ দিচ্ছি। আমার ম্যানেজার, ড্রাইভার, এমনকী বাড়ির কাজের লোকটিও মুসলিম। আমাকে চালায় ওরাই। কিন্তু এটা দেখতে খারাপ লাগে যে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। ওদের প্রতি বৈষম্যই ছবিতে আমার কাজ করার কারণ। আমার মনে হয়েছে, কাউকে যদি রুখে দাঁড়াতে হয়, তবে আমিই না হয় সেই দায়িত্ব কাঁধে নিই। ছবিতে ঋষি কপূর, নীনা গুপ্তা, রজত কপূর, মনোজ পওয়া, আশুতোষ রানা প্রমুখ শিল্পীরাও কাজ করেছেন। ছবির পরিচালক অনুভব সিনহা বলেন, ছবির কাজ শুরুর সময় তাঁরা ভেবেছিলেন, স্রোতের বিরুদ্ধে হাঁটছেন, কিন্তু ট্রেলারের প্রতি ইতিবাচক সাড়া দেখে মনে হচ্ছে, তাঁদের অবস্থানই সঠিক। অনুভবের কথায়, এটা হিন্দু, মুসলিম ব্যাপার নয়। আগেও এধরনের সংঘাত হয়েছে। ভারত এমন এক বৈচিত্র্যে ভরা দেশ। হিন্দুরা লড়েছে মুসলিমদের সঙ্গে, শিখরা হিন্দুদের সঙ্গে, শিয়ারা সুন্নিদের সঙ্গে, ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লড়াই হয়েছে।
আরও পড়ুন























