Student Protest: দিল্লির আঁচ বিহারে! ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করতে চলল গুলি, লাঠিচার্জ করল পুলিশ!
Student Protest in Bihar: আজ নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন, বিহারের জেহানাবাদের ছাত্রছাত্রীরা

কলকাতা: ছাত্র আন্দোলনে উত্তাল দিল্লি, এখনও রাস্তায় হাজার হাজার ছাত্রছাত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এখনও রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন বহু ছাত্রছাত্রী। পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্য়াস থেকে শুরু করে হুমকি.. কোনো কিছুতেই যেন দমানো যাচ্ছে না তাঁদের। আন্দোলনে অনড় তাঁরা, দাবি বছর বছর নিটের প্রশ্ন ফাঁসের মতো দুর্ভাগ্যজনক ঘটনার দায়িত্ব নিতে হবে সরকারকে। পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। যন্তর মন্তর ছিল যে আন্দোলনের গর্ভগৃহ, সেই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আর আজ, প্রশ্নফাঁসকাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি! ঠিক কী ঘটেছে?
দিল্লির আঁচ বিহারে, ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, চলল গুলি ও!
আজ নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন, বিহারের জেহানাবাদের ছাত্রছাত্রীরা। পুলিশের অভিযোগ যে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখেই, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালায় পুলিশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগও করেছে পুলিশ। জেলা প্রশাসকের বাসভবনেও পাথর ছোড়ার অভিযোগ পর্যন্ত করেছে পুলিশ। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পাটনা ও কাটিহারে আন্দোলনকারীদের বিক্ষোভে ছড়াল উত্তেজনা। বিক্ষোভকারীদের আটক ও অবস্থান কর্মসূচি সরাতে লাঠিচার্জ করল বিহার পুলিশ। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশ ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়ছিলেন।
NEET বিক্ষোভ ছড়াল সংসদেও
প্রশ্নফাঁসের প্রতিবাদে উত্তাল দিল্লি! ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা, NEET-এর প্রশ্নফাঁসের পর যে ১৪ জন পরীক্ষার্থী আত্মহত্য়া করেছেন বলে অভিযোগ, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সম্প্রতি পুলিশের লাঠিচার্জে যে আন্দোলনকারীরা আহত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়াতে, বৃহস্পতিবার রাহুল গাঁধীর বাসভবনে বৈঠকের পর বিরোধী নেতা-নেত্রীরা ঐক্য়বদ্ধ হয়ে গাঁধী স্মৃতি ভবনে যাওয়ার চেষ্টা করেন! কিন্তু অভিযোগ তাঁদের বাধা দেয় দিল্লি পুলিশ। বিরোধীদের ক্ষোভ-বিক্ষোভ চলছে সংসদের ভিতরে-বাইরে। বৃহস্পতিবার সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন বিরোধী জোটের সাংসদরা। একজোট হয়ে বিক্ষোভ দেখান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবরা। সামিল হন সনিয়া গাঁধীও। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছে ধর্না দেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গাঁধী, অখিলেশ যাদবরা। তার প্রতিবাদে এদিন অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় NDA। সেই বিক্ষোভে দেখা যায় NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়কে।






















