US-Iran War: আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ থামাতে চার দফা প্রস্তাব পেশ করলেন জিনপিং, ট্রাম্প ও মোজতবা রাজি হবেন কি?
Xi Jinping on US vs Iran War: আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি ফিরবে কি? এবার চিনের প্রেসিডেন্ট চার দফা প্রস্তাব পেশ করলেন।

নয়াদিল্লি: ‘শান্তি বৈঠক’ সফল হয়নি পাকিস্তানে। যুদ্ধবিরতির শর্ত নিয়ে বিরোধ রয়েই গিয়েছে। সেই আবহেই আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে চার দফার প্রস্তাব পেশ করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেজিংয়ে আবু ধাবির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ানের সঙ্গে বৈঠক হয় জিনপিংয়ের। সেখানেই তিনি চার দফার প্রস্তাব পেশ করেন। (Xi Jinping on US vs Iran War)
জিনপিং যে চার দফা প্রস্তাব পেশ করেছেন, সেগুলি হল—
- শান্তিপূর্ণ ভাবে আঞ্চলিক সহাবস্থানের নীতি বজায় রাখা।
- প্রত্যেক দেশের জাতীয় সার্বভৌমত্বকে সম্মান জানানো।
- উন্নয়ন এবং নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বজায় রাখা।
- আন্তর্জাতিক বিধিনিয়ম মেনে চলা এবং তা বজায় রাখা।
ওই বৈঠকে জিনপিং বলেন, “আন্তর্জাতিক আইন, বিধিনিয়ম পালন করে চলা জরুরি। নিজেদের পছন্দ হলে মানব, না হলে মানব না, এটা চলতে পারে না। পৃথিবীকে জঙ্গলে পরিণত হতে দেওয়া যাবে না।” (US-Iran War)
কূটনীতিকদর একাংশের মতে, চিন অত্যন্ত কৌশলী অবস্থানেই রয়েছে। তবে জিনপিংয়ের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজ়রায়েলের আগ্রাসন যে নিন্দনীয়, ফের তা বুঝিয়ে দিলেন তিনি।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে চিনের অবস্থান
বিনা প্ররোচনায় আমেরিকা এবং ইজ়রায়েল ইরানে হামলা চালিয়েছে বলে আগেও মন্তব্য করে চিন। ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ‘বেআইনি’ ঘোষণা করেন। আগামী মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠকে বসার কথা জিনপিংয়ের। তার আগে ফের একবার নিজের অবস্থান বুঝিয়ে দিলেন জিনপিং।
৪০ দিনের যুদ্ধে গোড়ায় হরমুজ প্রণালী বন্ধ রেখেছিল ইরান। সোমবার থেকে আবার আমেরিকা ইরানের বন্দর আটকে রাখা শুরু করেছে। ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাস’ চালানোর অভিযোগ তুলেছে আমেরিকা। যদিও আজই চিনের জাহাজ হরমুজ পেরিয়েছে বলে খবর।
আমেরিকা, ইজ়রায়েল বনাম ইরানের এই যুদ্ধকে ঘিরে আমেরিকা এবং চিনের মধ্যে সংঘাত বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে। কারণ সম্প্রতিই চিনের উপর ৫০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দেন ট্রাম্প। গোপনে চিন ইরাকে অস্ত্র সরবরাহ করছে কি না, সেই প্রশ্নেই হুঁশিয়ারি দেন তিনি। সেই আবহেই আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে মঙ্গলবার চিনের একটি জাহাজ হরমুজ পেরোতে সফল হয়েছে। তাই আগামী দিনে পরিস্থিতি অন্য দিকে বাঁক নেয় কি না, সেদিকেও তাকিয়ে সকলে।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda






















