Bageswar Baba: শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে এবার ফৌজদারি মানহানির মামলা
ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে আগ্রার আদালতে ফৌজদারি মানহানির মামলা। ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানি।

কলকাতা: বাগেশ্বর ধামের প্রধান ধর্মীয় প্রচারক ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে এবার আদালতে দায়ের হল ফৌজদারি মানহানির অভিযোগ। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যের জেরেই এই আইনি পদক্ষেপ। অভিযোগ, মধ্যপ্রদেশের একটি ধর্মীয় অনুষ্ঠানে রাম ও কৃষ্ণের শারীরিক ভঙ্গির তুলনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর সেই মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে দাবি অভিযোগকারীর।
ঘটনার সূত্রপাত গত ২৯ অক্টোবর। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার কারেরা এলাকায় রামকথার আসর বসেছিল। সেখানেই ভগবান রাম ও শ্রীকৃষ্ণের শারীরিক ভঙ্গির তুলনা করেন ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি কৃষ্ণের অঙ্গভঙ্গি, দাঁড়ানোর ধরন ও বাঁশি বাজানোর ভঙ্গি নিয়ে খোঁচা দিয়ে বলেন— ‘‘কৃষ্ণের নামও বাঁকা, চলনও বাঁকা এবং তিনি সব সময় তিন জায়গায় শরীর বেঁকিয়ে দাঁড়ান। তাঁর পা দু’টি আড়াআড়ি ভাবে রাখা, কোমর এক দিকে বাঁকানো, আর ঘাড় বাঁকিয়ে তিনি বাঁশি বাজান।’’
এই ঘটনার পরই আগ্রার আইনজীবী অজয় প্রতাপ সিং আগ্রা সিভিল কোর্টে ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর দাবি, শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁর বংশধররা এখনও ভারতে বসবাস করেন। তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পাশাপাশি সামাজিক সম্মান ও মর্যাদাও ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিজেকেও ভগবান শ্রীকৃষ্ণের মাতৃকুলের বংশধর বলে দাবি করেছেন অভিযোগকারী অজয় প্রতাপ সিং। আগ্রার সিভিল জজ কাঞ্চন কুমারের আদালতে মামলাটি প্রাথমিক শুনানির জন্য ওঠে। আদালত অভিযোগটি নথিভুক্ত করেছে এবং আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। তবে এখনও পর্যন্ত এই মামলায় ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি।
এদিকে, এই বিতর্কের আবহেই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক ও স্পনসরদের বিতর্কিত ধর্মীয় প্রচারকদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় রামচরিতমানসের একটি চৌপাই উদ্ধৃত করেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী।
উল্লেখ্য, রাম ও কৃষ্ণকে নিয়ে মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হওয়ার পর ধীরেন্দ্র শাস্ত্রী ক্ষমাও চেয়েছিলেন বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবার সেই বিতর্ক গড়াল আদালত পর্যন্ত। আগামী ১৪ ডিসেম্বরের শুনানিতে মামলাটি কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে।
Before You Go
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর























