El Nino 2026: এল নিনোর জেরে শীতেই ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা! পাহাড়ে বড় ভূমিধস, তুষারধসের সতর্কবার্তা
শক্তিশালী এল নিনোর প্রভাবে হিন্দুকুশ হিমালয়ে বাড়তে পারে বৃষ্টিপাত ও তুষারপাত। বন্যা, ভূমিধস, তুষারধস ও দাবানলের ঝুঁকি নিয়ে কী বলছে ICIMOD-এর রিপোর্ট?

কলকাতা: প্রকৃতির রুদ্ররূপের সাক্ষী হতে পারে হিমালয়! শীতকালেই বন্যা, ভূমিধস ও তুষারধসের মতো ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা। এর নেপথ্যে থাকতে পারে শক্তিশালী এল নিনো। হিন্দুকুশ হিমালয় অঞ্চলের শীতকালীন আবহাওয়া নিয়ে প্রকাশিত একটি নতুন রিপোর্টে এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এল নিনোর প্রভাবে এই অঞ্চলের একাধিক জায়গায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত ও তুষারপাত হতে পারে। যার জেরে বাড়তে পারে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি।
কী বলছে রিপোর্ট?
কাঠমান্ডুভিত্তিক International Centre for Integrated Mountain Development (ICIMOD), Beijing Normal University এবং Chinese Academy of Sciences-এর Institute of Atmospheric Physics যৌথভাবে তৈরি করেছে Hindu Kush Himalaya Winter Outlook 2026। সেই রিপোর্টেই হিন্দুকুশ হিমালয় অঞ্চলের শীতকালীন আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের শীতকালে নেপাল, আফগানিস্তান ও বাংলাদেশে স্বাভাবিকের তুলনায় বেশি আর্দ্র আবহাওয়া থাকতে পারে। হিমালয়ের পাদদেশে বাড়তে পারে বৃষ্টিপাত। অন্যদিকে, উঁচু পার্বত্য এলাকায় বাড়তে পারে তুষারপাত। বিশেষ করে পশ্চিম হিমালয়ের কিছু এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত ও তুষারপাতের কারণে স্থানীয় স্তরে বন্যা, ভূমিধস এবং তুষারধসের আশঙ্কা রয়েছে।
কতটা শক্তিশালী হতে পারে এল নিনো?
আমেরিকার National Oceanic and Atmospheric Administration (NOAA)-এর পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী থেকে অতি শক্তিশালী পর্যায়ে পৌঁছতে পারে এল নিনো। এমনকী, ১৯৫০ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই সবচেয়ে শক্তিশালী এল নিনো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ বলে জানিয়েছে NOAA. ICIMOD-এর বিজ্ঞানীদের মতে, এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে হিমালয়ের পাদদেশে বৃষ্টিপাত বাড়তে পারে। পাশাপাশি উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাতের পরিমাণও বাড়ার সম্ভাবনা রয়েছে।
কোন কোন দেশে পড়তে পারে প্রভাব?
রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, উত্তর ভারত এবং নেপালের কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি গভীর তুষারস্তর তৈরি হতে পারে। অন্যদিকে, ভুটানের কিছু অংশ এবং চিনের পূর্ব তিব্বত অঞ্চলে তুষারের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকার সম্ভাবনা রয়েছে। তুষারপাতের এই তারতম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হিমালয়ের বরফ ও তুষার গলে বিভিন্ন নদীতে জল সরবরাহ হয়। ফলে তুষারের পরিমাণ কম হলে আগামী বছরে নদীর জলপ্রবাহ, কৃষিকাজ, সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদনের উপর প্রভাব পড়তে পারে।
বৃষ্টি হলেও দাবানলের আশঙ্কা কেন?
রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও হিন্দুকুশ হিমালয় অঞ্চলের সব জায়গায় আর্দ্র আবহাওয়া থাকবে না। কিছু এলাকায় দীর্ঘ সময় শুষ্ক পরিস্থিতি তৈরি হতে পারে। শুকনো ঘাস ও গাছপালা থেকে দাবানল ছড়ানোর আশঙ্কা রয়েছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব তিব্বত এবং মায়ানমারের কিছু এলাকায় বন ও তৃণভূমিতে আগুন লাগার ঝুঁকি বেশি বলে সতর্ক করা হয়েছে। ICIMOD-এর হাইড্রোলজিস্ট মনীশ শ্রেষ্ঠা জানিয়েছেন, বর্ষাকাল শেষ হলেই বিপর্যয়ের প্রস্তুতি শেষ হয়ে যায় না। বৃষ্টিপাতের ধরন আরও অনিয়মিত ও তীব্র হয়ে উঠলে স্থানীয় প্রশাসনকে আগাম পূর্বাভাসের ভিত্তিতে প্রস্তুতি নিতে হবে। আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর কাঠমান্ডুতে হিন্দুকুশ হিমালয় অঞ্চলের বরফ ও হিমবাহ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনে এই রিপোর্টের বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা।
সব মিলিয়ে, আসন্ন শীতকালে হিমালয় অঞ্চলের আবহাওয়ার উপর বিশেষ নজর রাখার প্রয়োজন রয়েছে। তবে রিপোর্টে উল্লেখ করা সম্ভাবনাগুলি মৌসুমি পূর্বাভাস, নিশ্চিত বিপর্যয়ের ঘোষণা নয়।
Before You Go
BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর






















