India-Pakistan Independence Day : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
Independence Day Celebrations : পৃথক দিনে কেন স্বাধীনতা দিবস উদযাপন করে দুই দেশ ? চলুন জেনে নেওয়া যাক...

নয়াদিল্লি : আগামীকাল ১৫ অগাস্ট। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠবে গোটা ভারত। অন্যদিকে, আজ ১৪ অগাস্টই স্বাধীনতা দিবস পালন করছে পাকিস্তান। ব্রিটিশ শাসনের অবসানের সঙ্গে সঙ্গে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ দুই রাষ্ট্রের। কিন্তু, পৃথক দিনে কেন স্বাধীনতা দিবস উদযাপন করে দুই দেশ ? চলুন জেনে নেওয়া যাক...
ব্রিটিশ শাসনের পতনের পর ১৯৪৭ সালের অগাস্ট মাসে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে। ১৯৪৭ সালের জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া ‘দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট’-এর মাধ্যমে ভারত ও পাকিস্তান- দু'টি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। পরবর্তীকালে দু'টি ভিন্ন তারিখে স্বাধীনতা দিবস পালন করতে শুরু করে উভয় দেশ।
ভারত কেন ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করে ?
ভারত ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে। ২০২৬ সালে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি আমরা। ১৪ অগাস্টের শেষ ও ১৫ অগাস্টের সূচনালগ্নে, অর্থাৎ মধ্যরাতে ভারত ব্রিটিশ শাসনের থেকে স্বাধীনতা লাভ করেছিল। ব্রিটিশ সরকার এবং ভারতের শেষ ভাইসরয় লর্ড লুই মাউন্টব্যাটেন এই তারিখটি নির্বাচন করেছিলেন। তিনি ১৫ অগাস্ট তারিখটি বেছে নিয়েছিলেন কারণ, ১৯৪৫ সালে মিত্রশক্তির কাছে জাপানের আত্মসমর্পণের এটি ছিল দ্বিতীয় বার্ষিকী-যা তাঁর কাছে ব্যক্তিগতভাবে তাৎপর্যপূর্ণ ছিল। ভারত আনুষ্ঠানিকভাবে স্বাধীন হওয়ার ঠিক আগেই জহরলাল নেহরু তাঁর ঐতিহাসিক "Tryst with Destiny" ভাষণটি দিয়েছিলেন। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, যার মাধ্যমে এমন এক ঐতিহ্যের সূচনা হয়েছিল, যা আজও অব্যাহত রয়েছে।
১৪ অগাস্ট কেন স্বাধীনতা দিবস উদযাপন করে পাকিস্তান ?
১৯৪৭ সালে পাওয়া স্বাধীনতা অনুযায়ী, পাকিস্তান ২০২৬ সালের ১৪ অগাস্ট তার স্বাধীনতার ৭৯তম বার্ষিকী এবং ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ অগাস্ট পালিত হয়। ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ১৯৪৭’-এর মাধ্যমে ভারত ও পাকিস্তান দু'টি স্বাধীন ডোমিনিয়ন বা রাষ্ট্র গঠিত হয়েছিল এবং আইনটি ১৫ অগাস্ট থেকে কার্যকর হয়েছিল। যদিও পাকিস্তান ১৪ অগাস্টকে তাদের স্বাধীনতা দিবস হিসাবে দেখতে শুরু করে। তার একটা কারণ হল, ১৯৪৭ সালের ১৪ অগাস্ট করাচিতে পাকিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল। এ সময়েই মহম্মদ আলি জিন্না পাকিস্তানের প্রথম গভর্নর-জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। এছাড়া অন্য কারণের কথাও উল্লেখ করা হয়।
সুতরাং, এই দু'টি তারিখ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একই ঐতিহাসিক পরিবর্তনের অংশ। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের সঙ্গে সঙ্গে যার সূত্রপাত হয়েছিল।























