Ketan Agarwal Murder : ''সিয়া তো ট্রেকিংয়ে যেতেই চায়নি...বুঝিয়েছিল কেতনই'' ... চাঞ্চল্যকর দাবি এখন অভিযুক্তের মায়ের
পাত্র অপছন্দ , তাহলে তো 'না' বলাই যেত। মেরে ফেলতে হল কেন? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

পুণে : কেতন আগরওয়াল হত্যা মামলায় প্রায় প্রতিদিনই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর মোড়। হাড়হিম করা হত্যা পরিকল্পনার সন্দেহ করছে পুলিশ। তাহলে কি স্রেফ হবু বর পছন্দ নয় বলেই প্রাণবন্ত যুবা কেতনকে প্রাণে মেরে ফেললেন তাঁর বাগদত্তা? পাত্র অপছন্দ , তাহলে তো 'না' বলাই যেত। মেরে ফেলতে হল কেন? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। এরই মধ্যে মুখ খুললেন সিয়া গোয়ালের মা ও বাবা।
প্রধান অভিযুক্ত সিয়া গোয়ালের বাবা প্রকাশ্যে জানিয়েছেন, আদালতে যদি তাঁর মেয়ে দোষী সাব্যস্ত হয়, তাহলে কেতন যেখান থেকে খাদে পড়ে প্রাণ হারিয়েছিলেন, সেখান থেকেই সিয়াকেও একইভাবে ফেলে মৃত্যুদণ্ড দেওয়া হোক। হাসপাতালের আইসিইউ-তে ভর্তি অবস্থায় India Today-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "যদি আমার মেয়ে অপরাধ করে থাকে, তাহলে ভুক্তভোগীর ন্যায়বিচার যেন কোনওভাবেই বঞ্চিত না হয়।"
অন্যদিকে, সিয়ার মা-ও কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেন, যদি তদন্ত ও আদালতে প্রমাণ হয় যে তাঁর মেয়ে এই হত্যাকাণ্ডে জড়িত, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। তাঁর কথায়, "অপরাধ করে থাকলে তাকে ফাঁসি দেওয়া হোক।" অন্যদিকে এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "ঘটনার আগের রাতে সিয়া ও কেতন লোহাগড় দুর্গে যাওয়া নিয়ে ভিডিও কলে কথা বলছিল, এবং যখন কেতনের মা ফোনে আসেন, সিয়া বলে যে সে ট্রেকিংয়ে যেতে চায় না... কিন্তু কেতনের মা তাকে যেতে বলেন। তাদের দুজনের মধ্যকার চ্যাটে এই সবকিছুই আছে, যেখানে সিয়া বলছে যে সে যেতে চায়নি কিন্তু কেতন তাকে অন্যভাবে রাজি করানোর চেষ্টা করছিল..."
এখন প্রশ্ন, সিয়াই যদি এই খুনের মাস্টারমাইন্ড হয়ে থাকে, তাহলে সে ট্রেকিংয়ে যেতে নিমরাজি হবে কেন? সবটাই কি অভিনয়? নাকি ভুল তথ্য দিচ্ছেন সিয়ার মা ? খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
কী ঘটেছিল?
গত ১৮ জুন, মহারাষ্ট্রের পুনের কাছে লোহাগড় দুর্গে (Lohagad Fort) ট্রেকিং করতে গিয়েছিলেন কেতন আগরওয়াল এবং তাঁর বাগদত্তা সিয়া গোয়াল। সেই সময় খাদে পড়ে কেতনের মৃত্যু হয়। প্রথমে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে করা হলেও, তদন্তে নেমে পুলিশ দাবি করে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তদন্তে উঠে এসেছে, সিয়া গোয়াল নাকি অন্য এক যুবক চেতনকে বিয়ে করতে চাইতেন। কিন্তু পরিবারের চাপে কেতনের সঙ্গে বিয়েতে রাজি হয়েছিলেন। এই কারণেই কেতনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অভিযোগ।
হার্ট অ্যাটাকে হাসপাতালে সিয়ার বাবা
এই বহুচর্চিত মামলার তদন্ত চলাকালীন বৃহস্পতিবার সিয়া গোয়ালের বাবা হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকেই তিনি মেয়ের বিরুদ্ধে এমন কঠোর মন্তব্য করেন, যা ইতিমধ্যেই দেশজুড়ে আলোড়ন ফেলেছে।
পুলিশ এখনও ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ডিজিটাল প্রমাণ, কল রেকর্ড, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
#WATCH | Pune, Maharashtra: Ketan Agarwal Murder Case | Pooja Goyal, mother of accused Siya Goyal, says, "The night before the incident, Siya and Ketan had a video call about going to Lohagad Fort, and when Ketan's mother came on the call, Siya said she didn't want to go on the… https://t.co/Y6H1kVLJBv pic.twitter.com/X12nB0aS32
— ANI (@ANI) June 26, 2026























