Oil Price Today: ট্রাম্পের হুমকি জেরে ফের বাড়ল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম! জরুরি বৈঠকে মোদি
Crude Oil Price Today 2026: মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এবং ইরানের পাল্টা হুমকির জেরে তেল বাজারে অস্থিরতা।

কলকাতা: হরমুজ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের হুমকি জেরে ফের বাড়ল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। এক ব্যারেল তেলের দাম ছাড়াল ১১৪ ডলার। বর্তমানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডও প্রায় ৯৮ ডলারের কাছাকাছি ঘোরাফেরা করছে, যা বাজারে নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
এই পরিস্থিতির মূল কারণ হলো হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা। বিশ্বের প্রায় ২০% তেল এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে কোনও রকম বাধা সৃষ্টি হলে সরাসরি প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে। ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন—৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের শক্তি অবকাঠামোয় হামলা চালানো হতে পারে। এর জবাবে ইরানও পাল্টা হুমকি দিয়েছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এই প্রেক্ষাপটে মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, রান্নার গ্যাসের কালোবাজারি ও মজুতদারি রুখতে কেন্দ্র-রাজ্য সমন্বয় কাজ করার কথা বলা হয়েছে ওই বৈঠকে।
বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের দাম আরও বাড়তে পারে। ইতিমধ্যেই ফেব্রুয়ারি থেকে তেলের দাম ৫০% এর বেশি বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়াতে পারে। বিশ্ববাজার এখন পুরোপুরি নজর রাখছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর। সামান্য উত্তেজনাও তেলের দামে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
























