এক্সপ্লোর
বেঙ্গালুরুতে ভেঙে পড়ল নির্মীয়মান বাড়ি, আহত ৩, আটকে বেশ কয়েকজন

ছবি সৌজন্যে ট্যুইটার
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর কাসাবানাহালি অঞ্চলে একটি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হল। ধ্বংসস্তুপে আটকে আছেন অন্তত ১৫ জন। ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেঙ্গালুরুর মেয়র সম্পত রাজ বলেছেন, ‘উদ্ধারকার্য চলছে। তিনজনের মৃত্যু হয়েছে। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তুপে আটকে আছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনতলা বাড়ি তৈরির অনুমতি দেওয়া হলেও, পাঁচতলা তৈরি হচ্ছিল।’ পুলিশ সূত্রে খবর, আজ বিকেল ৪.২৫ মিনিট নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। পুলিশকর্মীদের পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও উদ্ধারকার্যে যোগ দিয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও আসবেন বলে আশা করা হচ্ছে। ডিসিপি আবদুল আহাদ জানিয়েছেন, ‘এই নির্মীয়মান বাড়িটির মালিক কুন্নি আহমেদ আদতে কেরলের বাসিন্দা। তিনি ও তাঁর জামাই রফিক এইচএসআর লেআউটে থাকেন। তাঁরা এখন বেঙ্গালুরুতে নেই। তাঁদের ব্যবসায়িক সহযোগীদের খোঁজ করা হচ্ছে।’ স্থানীয় সূত্রে খবর, ৬ বছর ধরে বাড়িটি তৈরি হচ্ছিল। কিন্তু অজ্ঞাত কারণে গত দু’বছর ধরে বাড়ি তৈরির কাজ বন্ধ ছিল। তবে ৬ মাস আগে ফের কাজ শুরু হয়। মেয়র জানিয়েছেন, ‘ভিত দুর্বল হওয়ার কারণেই বাড়িটি ভেঙে পড়েছে। ধ্বংসস্তুপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করাই আমাদের প্রাথমিক লক্ষ্য। এই বাড়ির মালিক ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
























