এক্সপ্লোর
তাঁর বাগানের আম খেলে ছেলে হয়! দাবি মহারাষ্ট্রের হিন্দুত্ববাদী নেতার, সমালোচনা

নাসিক: তাঁর বাগানের আম খেয়ে পুত্রসন্তান হয়েছে অনেক দম্পতির। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন মহারাষ্ট্রের বিতর্কিত হিন্দুত্ববাদী নেতা শম্ভাজি ভিদের। তিনি বলেছেন, আমের বিরাট ক্ষমতা, দারুণ পুষ্টি। আমার ফলের বাগানের আম খাওয়ার পর ছেলে হয়েছে বেশ কয়েকজন মহিলার। গত ১ জানুয়ারি ভিমা-কোরোগাঁওয়ের জাতপাতের হিংসায় অভিযুক্ত এই প্রাক্তন আরএসএস কর্মী এখন শিব প্রতিষ্ঠান হিন্দুস্থানের প্রধান। রামায়ণ, মহাভারতের দৃষ্টান্ত তুলে দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক সিস্টেমকে আক্রমণ করেন তিনি। ভিমা-কোরেগাঁওয়ের যুদ্ধের দ্বিশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে পুনের ভিমা-কোরেগাঁও গ্রামে দলিত ও মারাঠা সংঘর্ষে একজনের মৃত্যু হয়। সে ব্যাপারে ভিদের সঙ্গে আরেক হিন্দুত্ববাদী নেতা মিলিন্দ একবোটেকেও হিংসার মামলায় অভিযুক্ত করা হয়। একবোটে গ্রেফতার হলেও ভিদেকে ধরা যায়নি। তাঁর মন্তব্যের কঠোর সমালোচনা চলছে। এনসিপি এমপি সুপ্রিয়া সুলে বলেছেন, একজন মা ও মহিলা হিসাবে এধরনের মন্তব্যে তিনি ব্যাথিত। সুলের বক্তব্য, যে কোনও মহিলার কাছে ছেলে বা মেয়ের মা হওয়া গর্বের ব্যাপার। এটা দুর্ভাগ্যের যে এমন ব্যক্তিগত বিষয় নিয়ে সমাজে কুরুচিকর বিতর্ক চলছে। মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির দাবি, ভিদের বক্তব্য কুসংস্কার ও কালা জাদু আইনে ধর্তব্যযোগ্য অপরাধ।
Before You Go
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'





















