সিকিমে ভারতীয় ভূখণ্ডে ঢুকে ২টি সেনা বাঙ্কার ধ্বংস করল চিনা ফৌজ

নয়াদিল্লি: ভারতীয় ভূখণ্ডে ফের চিনা আগ্রাসন।
খবরে প্রকাশ, সিকিমে ভারত-চিন সীমান্তে ফের সংঘাত বাঁধে দুদেশের সেনার মধ্যে। অভিযোগ, ভারতীয় ভূখণ্ডে ঢুকে দুটি বাঙ্কার ধ্বংস করেছে চিনা সেনা।
সরকারি সূত্রে জানা গিয়েছে, গত ১০ দিন ধরেই সিকিমের ডোকা লা জেনারেল এরিয়ায় দুদেশের সেনাবাহিনীর মধ্যে চাপানউতোরের সৃষ্টি হয়েছে। এর জেরে কৈলাশ মানস সরোবরের উদ্দেশে রওনা দেওয়া একদন ভারতীয় তীর্থযাত্রীকে সীমান্তে আটকে দেয় চিন।
সেনাবাহিনী সূত্রে খবর, এদেশের ভূখণ্ডের মধ্যে চিনা সেনার আগ্রাসন রুখতে বেশ বেগ পেতে হয় ভারতীয় সেনাবাহিনীকে। অভিযোগ, ভারতীয় ভূখণ্ডে ঢুকে ডোকা লা-র লাল্টেন অঞ্চলে ভারতীয় নিরাপত্তাবাহিনীর দুটি বাঙ্কার ধ্বংস করে চিনা সেনা।
জানা গিয়েছে, শুধু ওই বাঙ্কার ধ্বংস করেই ক্ষান্ত হয়নি চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জওয়ানরা। তারা ভারতীয় ভূখণ্ডের আরও ভেতরে প্রবেশ করতে গেলে রুখে দাঁড়ায় ভারতীয় ফৌজ।
লাইন অফ অ্যাকচ্যুয়াল কন্ট্রোল (এলএসি)-তে মানবপ্রাচীর গড়তে হয় ফৌজকে। এরপরই সরকারি স্তরে অভিযোগ জানায় ভারত। গত ২০ তারিখ দুদেশের শীর্ষ সেনা আধিকারিকরা বৈঠক করেন।
তারপর থেকে আর কোনও চিনা আগ্রাসনের ঘটনা না ঘটলেও, গোটা এলাকায় চাপানউতোর বজায় রয়েছে। প্রসঙ্গত, সিকিম-ভূটান-তিব্বত সীমান্তে এমন আগ্রাসনের ঘটনা এই প্রথম নয়।
২০০৮ সালের নভেম্বর মাসেও ডোকা লা-তে ভারতীয় সেনার বাঙ্কার ধ্বংস করেছিল চিনা সেনা। সেই সময় দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল।
Before You Go
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র






















