এবার ভদোদরার স্কুলের শৌচাগারে নবম শ্রেণির ছাত্রকে খুন

ভদোদরা: গুরুগ্রামের পরে ভডোদরা, ফের স্কুলে ছাত্র খুন। শুক্রবার, নবম শ্রেণির এক পড়ুয়ার দেহ উদ্ধার হয় স্কুলের শৌচাগার থেকে। তার শরীরে একাধিক ছুরির আঘাত ছিল। দেব ভগবানদাস তাদবি নামে ওই পড়ুয়া বরনপোরার ভারতী স্কুলের ছাত্র ছিল। পুলিশ জানিয়েছে, যখন সে দোতলায় তার ক্লাসরুমের দিকে যাচ্ছিল, তখন অজ্ঞাতপরিচয় আততায়ীরা তার ওপর হামলা চালায়। পুলিশের দাবি, ঘটনাটি ঘটেছে দুপুর ১২টা নাগাদ। সেই সময় বিরতি চলছিল। ডেপুটি কমিশনার আর এস ভাগোরা জানান, নিহতের শরীরে ১০টি ছুরির আঘাত ছিল। তিনি যোগ করেন, স্কুলের নিকটবর্তী একটি মন্দিরের কাছ থেকে একটি পরিত্যক্ত ব্যাগে ধারালো অস্ত্র ও লঙ্কার গুঁড়ো পেয়েছে পুলিশ। তদন্তকারীদের ধারনা, খুন করার পর ওই ব্যাগ ফেলে পালিয়ে যায় আততায়ীরা।
জানা গিয়েছে, মাত্র এক সপ্তাহ আগেই ওই স্কুলে ভর্তি হয় দেব ভগবানদাস। এখানে সে মামার সঙ্গে থাকত। বাবা-মা থাকেন গুজরাতের আনন্দ জেলায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ। ফরেন্সিক দল স্কুল ও পার্শ্ববর্তী এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে একাদশ শ্রেণির এক পড়ুয়াকে সন্দেহ করা হচ্ছে। এদিকে, ছাত্র খুনের খবর ছড়িয়ে পড়তেই স্কুলের সামনে ভিড় করেন আতঙ্কিত অভিভাবকরা। এই ঘটনা গত বছর সেপ্টেম্বরের গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের কথা মনে করিয়ে দিয়েছে। সেখানেও, স্কুলের শৌচাগারে দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার গলা-কাটা দেহ উদ্ধার হয়। Before You Go
ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!





















