এক্সপ্লোর
মুসলিমদের ভারতে থেকে লাভ কী? পাকিস্তান, বাংলাদেশে চলে যাক, মন্তব্য বিজেপি সাংসদ বিনয় কাটিয়ারের

নয়াদিল্লি: ‘মুসলিমদের ভারতে থাকার দরকার নেই। তাঁদের পাকিস্তান বা বাংলাদেশে চলে যাওয়া উচিত।’ এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার। তিনি দেশভাগের জন্য মুসলিমদের দায়ী করে বলেছেন, যারা বন্দে মাতরম গান বা জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাশীল নয়, তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। এআইএমআইএম-এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসির মন্তব্যের পাল্টা হিসেবেই মুসলিমদের বিরুদ্ধে তোপ দেগেছেন কাটিয়ার। ওয়েইসি বলেছেন, ‘ভারতের মুসলিমদের কেউ পাকিস্তানি বললে তিন বছরের কারাদণ্ডের ব্যবস্থা করা হোক।’ এর জবাবে কাটিয়ার বলেছেন, ‘মুসলিমদের এদেশে থাকা উচিত নয়। তাঁরা জনসংখ্যার ভিত্তিতে দেশভাগ করেছেন। তাহলে তাঁরা এখানে আছেন কেন? মুসলিমদের ভাগের অংশ দেওয়া হয়েছে। তাই তাঁদের ভারতে না থেকে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যাওয়া উচিত।’ সম্প্রতি উত্তর প্রদেশের কাসগঞ্জে হিংসার জন্যও পাকিস্তানপন্থীদের দায়ী করেন কাটিয়ার। তিনি দাবি করেন, ‘ওরাই (মুসলিমরা) ঝামেলা শুরু করেছে। ওরা আমাদের কর্মীকে খুন করেছে। সরকার ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তবে আরও কঠোর ব্যবস্থা চাই।’ পাল্টা ওয়েইসি বলেছেন, ‘নিভে যাওয়ার আগে মোমবাতি দপ করে জ্বলে ওঠে। বিনয়ক কাটিয়ারের সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে আসছে। তাই তিনি এই ধরনের কথা বলছেন।’
আরও পড়ুন
























