বুধবার সনিয়া-মমতা সাক্ষাতের সম্ভাবনা, রাজধানীতে তুমুল জল্পনা

নয়াদিল্লি: কাল সনিয়া গাঁধী-মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাতের সম্ভাবনা। সূত্রের খবর, সাক্ষাত না হলেও, এদিন তৃণমূলনেত্রীর সঙ্গে এসএমএসে কথা হয় ইউপিএ চেয়ারপার্সনের। এদিন এসএমএস করে সনিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন মমতা। পাল্টা মমতার সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেন সনিয়া গাঁধী। সম্ভবত, আগামীকাল, সনিয়ার বাসভবনে সাক্ষাত হতে পারে দুজনের। এর পাশাপাশি, আগামীকালই বিজেপি বিদ্রোহীদের সঙ্গে দেখা করবেন মমতা। কাল বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, বাজপেয়ী আমলে কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরী এবং বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহার সঙ্গে তিনি দেখা করবেন। এদিকে, সনিয়া গাঁধীর সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতো থাকলেও, রাহুল গাঁধীর সঙ্গে সম্পর্ক যে ততটা মসৃণ নয়, তার ইঙ্গিত ফের দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের সঙ্গে বৈঠকের সম্ভাবনা কার্যত উড়িয়ে দেন তৃণমূলনেত্রী।
























