এক্সপ্লোর
মুম্বইয়ে রেল লাইন থেকে ৩৩ হাজার টাকা সমেত ব্যাগ ফেরত ফেরত দিলেন আবর্জনা কুড়ানি

ফাইল ছবি
মুম্বই: সততার শিক্ষা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া যায় না। কে কোন পরিবেশে থাকে, সেটার উপর সততা নির্ভর করে না। এ কথা ফের প্রমাণ করে দিলেন মুম্বইয়ের এক আবর্জনা কুড়ানি। তিনি রেল লাইন থেকে ৩৩ হাজার টাকা, ডেবিট ও ক্রেডিট কার্ড সমেত এক মহিলার ব্যাগ পেয়েও, সেটা স্টেশন মাস্টারের হাতে তুলে দিলেন। দীপচন্দ গুপ্ত নামে এই আবর্জনা কুড়ানির সততায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতাবশত তাঁকে আড়াই হাজার টাকা দিলেন অক্ষরা মোকাশি নামে ওই মহিলা। তাঁকে ভবিষ্যতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দীপচন্দ। দেশের বিভিন্ন জায়গায় এর আগে রিকশা চালক, অটো চালক, ট্যাক্সি চালকরা সততার পরিচয় দিয়েছেন। এবার দীপচন্দও সততার পরিচয় দিলেন। তিনি জানিয়েছেন, রোজকার মতোই সোমবার বিকেলেও রেল লাইন থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে নিচ্ছিলেন। সেই সময়ই লোকাল ট্রেনের মহিলা কামরার কাছ থেকে ওই ব্যাগটি পান। তিনি সেই ব্যাগ নিয়ে সোজা স্টেশন মাস্টারের কাছে গিয়ে মালিককে ব্যাগটি ফেরত দিতে বলেন। তিনি ব্যাগ থেকে অক্ষরার পরিচয় পেয়ে তাঁকে ফোন করে ব্যাগ নিয়ে যেতে বলেন। অক্ষরা জানিয়েছেন, ‘আমি অটো রিকশা থেকে নামার পর বুঝতে পারি ব্যাগ হারিয়ে ফেলেছি। আমি এক বন্ধুকে ফোন করে ডেকে নিয়ে স্টেশনের কাছে অনেকক্ষণ ধরে খুঁজি। সব জায়গায় খুঁজেও ব্যাগ পাইনি। ইতিমধ্যেই ওই আবর্জনা কুড়ানি ব্যাগটি পেয়ে স্টেশন মাস্টারকে দেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। ব্যাগটিতে আমার বেতনের টাকা ছিল। ব্যাগটি ফেরত পাওয়া গিয়েছে জানতে পেরে আমি কান্না থামাতে পারিনি।’
আরও পড়ুন





















